আবেগঘন সমাপ্তিতে দর্শক মাতাল ‘এটা আমাদেরই গল্প’

৩২ মিনিটে ১০ লাখ, চার ঘণ্টার আগেই ৪০ লাখ ভিউ

৩২ মিনিটে ১০ লাখ, চার ঘণ্টার আগেই ৪০ লাখ ভিউ
৮ মে, ২০২৬ ২২:৩২  

জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক এটা আমাদেরই গল্প-এর সফল সমাপ্তি ঘটেছে একের পর এক রেকর্ড গড়ে। সিরিজটির মেগা এপিসোড (৫২তম পর্ব) ইউটিউবে প্রকাশের মাত্র ৩২ মিনিটে ১০ লাখ ভিউ অতিক্রম করে। ৬৮ মিনিটে ভিউ ছাড়ায় ২০ লাখ, আর ২ ঘণ্টা ২ মিনিটে পৌঁছে যায় ৩০ লাখে। চার ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই এপিসোডটির ভিউ দাঁড়ায় ৪০ লাখে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য জানান।

৮ মে, শুক্রবার বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল-এ মুক্তি পায় ১ ঘণ্টা ৩২ মিনিট দৈর্ঘ্যের মেগা এপিসোড। এর মধ্য দিয়ে সাত মাসের যাত্রা শেষ হলো দর্শকপ্রিয় এই সিরিজটির।

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই-এ প্রচারিত হয়েছে সিরিজটি। একই সঙ্গে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে প্রকাশ করা হতো নতুন পর্ব।

শেষ পর্বে পরিবারের সদস্যদের উদ্যোগে ফুফু ও ফুফার পুনর্মিলন দেখানো হয়। মেগা এপিসোডের অন্যতম চমক ছিল সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান-এর উপস্থিতি। সিরিজটির টাইটেল গান গেয়েছেন তাঁরা। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর।

আবেগঘন সমাপ্তিতে আঞ্জুমান বেগম চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেন মনিরা আক্তার মিঠু। এর আগে ৪৯তম পর্বে মারা যান তাঁর স্বামী জামশেদ সাহেব, যে চরিত্রে অভিনয় করেছিলেন নাদের চৌধুরী।

প্রচার শুরুর পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পায় সিরিজটি। গল্পের ফাহাদ, সামির, মেহরীন, সায়রা ও তাদের পরিবারের সদস্যদের নিজেদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেন দর্শকেরা। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবধর্মী উপস্থাপনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি হয়।

এর আগে সিরিজটির ৫০তম পর্ব দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে কোটি ভিউ অতিক্রমের রেকর্ড গড়ে। আর ৭ মে মুক্তি পাওয়া ‘লাস্ট চ্যাপ্টার’ শিরোনামের ৫১তম পর্বও একদিনেই কোটি ভিউ ছাড়িয়ে যায়।

পাকিস্তানি জনপ্রিয় সিরিয়াল কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে সিরিজটি নির্মাণ করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পের নতুনত্ব, নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের কারণে এটি দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পায়।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

ডিবিটেক/এএস/এমইউআইএম