বিসিএসআইআরের সঙ্গে আইসিডিডিআর,বি ও শীর্ষ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের সেবা চুক্তি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ও আইসিডিডিআর,বি-এর একাধিক পৃথক সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পখাতের জন্য বিশ্লেষণ, পদ্ধতি উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, পরীক্ষণ সেবা এবং ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, দ্রুততর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ৭ মে, বৃহস্পতিবার এই চুক্তি হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন-এর উপস্থিতিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সঙ্গে পৃথকভাবে চুক্তি স্বাক্ষর করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সি-টু-সি ফার্মা লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আইসিডিডিআর,বি।
অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ শিল্প-গবেষণা সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষভাবে আইসিডিডিআর,বি-এর সঙ্গে ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রম পরিচালনা, বায়োইকুইভ্যালেন্স স্টাডি, যৌথ গবেষণা উদ্যোগ সম্প্রসারণ এবং গবেষণালব্ধ তথ্য ও প্রযুক্তিগত সহযোগিতার কাঠামো সুসংহত করার লক্ষ্যে একটি Clinical Research Agreement এবং Non-Disclosure Agreement (NDA) স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্টরা জানান, এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা, ডেটা শেয়ারিং, বৈজ্ঞানিক দক্ষতা বিনিময় এবং উদ্ভাবনী গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তির মূল লক্ষ্য হলো দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে গবেষণা ও পরীক্ষণ সেবাকে সহজলভ্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী করে তোলা। বর্তমানে বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে সফলতার সঙ্গে প্রতিযোগিতা করছে এবং এই উদ্যোগ শিল্পখাতের সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুক্তির আওতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর অত্যাধুনিক গবেষণাগার, উন্নত বিশ্লেষণী অবকাঠামো, উচ্চক্ষমতাসম্পন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা অগ্রাধিকারভিত্তিতে ব্যবহার করতে পারবে। এর ফলে দ্রুততর ও নির্ভরযোগ্য পরীক্ষণ সেবা, বিশ্লেষণী পদ্ধতি উন্নয়ন ও যাচাই, কাঁচামাল ও সমাপ্ত পণ্যের মান পরীক্ষা, প্রযুক্তিগত পরামর্শ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহায়তা পাওয়া সহজ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের শিল্পখাতকে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো গবেষণা ও পরীক্ষণ সেবার জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সকল বোর্ড সদস্য, বিভিন্ন গবেষণাগার ও ইনস্টিটিউটের পরিচালক, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর পক্ষে সব চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ শহীদুল হক পাটোয়ারী। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হোসাইন সোহরাব এবং ড. মোহাম্মদ শাহ জামাল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্টদের মতে, এসব চুক্তি দেশের শিল্প-গবেষণা সহযোগিতাকে আরও সুসংহত করবে এবং “ল্যাব টু ইন্ডাস্ট্রি” ধারণা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী অর্থনীতির দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/টিএইচও/ইকে



