প্রথম বারে মুনাফায় বিএসসিএল; নিট মুনাফা ৩৮ কোটি টাকা
সরকারি কোম্পানি হিসেবে প্রথমবারের মতো লাভজনক কোম্পানিতে পরিণত হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি ।
১ ডিসেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় পেশকৃত গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মুনাফার এই হিসাব চূড়ান্ত করা হয়।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসিএল মোট আয় করে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা। আর কোম্পানির অবচয়জনিত ব্যায়, অপারেশনাল ব্যায়, ট্যাক্স ও শ্রমিক কল্যাণসহ কোম্পানির মোট ব্যায় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ। এতে কোম্পানি নিট লাভ করেছে ৩৮ কোটি ৩৫ লাখ।
জানাগেছে, ২ ডিসেম্বর রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিএসসিএল প্রধান কার্যালয়ে কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের নিয়ে মুনাফার এই মাইলফলক উদযাপন ও পরবর্তী করণীয় নির্ধারণ করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।
রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটিকে লাভজনক অবস্থানকে অব্যহত রাখার পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বিএস-১ স্যাটেলাইটের অবিকৃত ক্যাপাসিটি দেশের ভেতর ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি এবং বিদ্যমান গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কষ্ট ম্যানেজমেন্টকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কর্মীদের দক্ষতা, কর্মোদ্দীপনা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। আয় বৃদ্ধির উদ্দেশ্যে নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান এবং বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশে দীর্ঘমেয়াদে স্যাটেলাইট শিল্পকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সক্রিয় সংলাপ ও সহযোগিতা জোরদার করা হচ্ছে।
ডিবিটেক/আইএইচ/ইকে







