ব্রডব্যান্ড সংযোগ ফিরে পেলেন ধানমন্ডির সায়েন্স ল্যাব-রাইফেল্স স্কয়ারের অধিবাসীরা
দীর্ঘ ৩৬ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট বঞ্চিত হলেন ধানমন্ডির একাংশের অধিবাসীরা। সংস্কার কাজের তাগিদে পিলারের তার কেটে দেয়ায় সাময়িক ডিজিটাল আউটেজের শিকার হন ওই এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত প্রায় আড়াই হাজার গ্রাহক।
তবে আইএসপিএবি’র তৎপরতায় সিটি কলেজ সংলগ্ন পোল দিয়ে গ্রাহদের ফের সংযুক্ত করা হয়েছে ৭ মে বৃহস্পতিবার ভোরে। তবে বিনা নোটিশে পিলার থেকে ফাইবার কেটে দেয়ায় নতুন করে বাইপাস লাইন স্থাপনের আগ পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয়েছে এলাকাবাসীকে।
সূত্রমতে, ৫ মে, মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব থেকে রাইফেল্স স্কয়ার সংলগ্ন ৩ নং সড়ক থেকে ৫ নং সড়কের পূর্ব পাশের পিলার থেকে ঝুলন্ত ফাইবার ক্যাবলগুলো কেটে দেয়া হয়। এতে ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন ওই এলকার অধিবাসীরা। দীর্ঘ সময় সংযোগ না পেয়ে সেবাদাতাদের ওপর ক্ষুব্ধ হয় তারা। এসময় পশ্চিম পাশের রাস্তার তলদেশ দিয়ে যেভাবে কমন ইন্টারনেট সংযোগ পথ তৈরি করা হয়েছে পূর্ব দিকেও তেমন সুবিধা চালুর দাবি করেছেন তারা।
এ বিষয়ে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেন, বিনা নোটিশে এভাবে ফাইবার কাটা ঠিক হয়নি। আমাদের জানানো হলে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হত না। তবে আমরা বিষয়টি জানার পরই সিটি কলেজ দিয়ে ঘুরিয়ে গ্রাহকদের ফের সংযোগ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। আজ ভোর থেকেই তারা উচ্চগতির ইন্টারনেট সংযোগ ফিরে পেয়েছেন।
ডিবিটেক/এনএ/ইকে



