যোগাযোগ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহায়তা বাড়ানোর আহ্বান
দেশের গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ এপ্রিল, বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এশীয় উন্নয়ন ব্যাংক–এর কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং–এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের বিশেষ করে উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় এখনো অবকাঠামোগত ঘাটতি রয়েছে। এসব খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। তিনি বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবির অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর জোর দেন।
বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে জানান, ভবিষ্যতেও সহযোগিতা সম্প্রসারণে এডিবি প্রস্তুত রয়েছে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এনএ/ইকে







