নতুন প্রজন্মের প্রসেসরের জন্য উন্নত মাদারবোর্ড আনলো এমএসআই

নতুন প্রজন্মের প্রসেসরের জন্য উন্নত মাদারবোর্ড আনলো এমএসআই
১৫ মার্চ, ২০২৬ ১৭:৫২  

নতুন প্রজন্মের ডেস্কটপ কম্পিউটিংয়ের জন্য তাদের ৮০০ সিরিজের উন্নত মাদারবোর্ড উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই। এই মাদারবোর্ডগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে নতুন Intel Core Ultra 200S Plus Series processors–এর সঙ্গে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে।

গেমার, কনটেন্ট নির্মাতা এবং উচ্চক্ষমতার কম্পিউটার ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় রেখে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রসেসর সিরিজে সর্বোচ্চ ২৪টি কোরের হাইব্রিড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যেখানে পারফরম্যান্স কোর এবং এফিসিয়েন্সি কোরের সমন্বয় রয়েছে। প্রসেসরগুলো সর্বোচ্চ ৫ দশমিক ৫ গিগাহার্টজ পর্যন্ত ক্লক গতিতে কাজ করতে পারে। আগের প্রজন্মের তুলনায় এতে পারফরম্যান্স কোর ও এফিসিয়েন্সি কোরের গতি বৃদ্ধি, বাড়তি স্মার্ট ক্যাশ এবং উন্নত ব্যান্ডউইথ প্রযুক্তি যুক্ত হওয়ায় গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানানো হয়েছে।

এই সিরিজের প্রসেসরের মধ্যে রয়েছে Intel Core Ultra 7 270K Plus, Intel Core Ultra 5 250K Plus এবং Intel Core Ultra 5 250KF Plus। এগুলোতে উন্নত ডিডিআর৫ মেমরি সমর্থন যুক্ত করা হয়েছে, যার ফলে দ্রুতগতির ডেটা প্রক্রিয়াকরণ এবং উন্নত সিস্টেম দক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন প্রসেসরের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে এমএসআই বেশ কয়েকটি মাদারবোর্ড মডেলও উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে MAG Z890 TOMAHAWK WIFI II, PRO Z890-S WIFI6E W এবং B860M GAMING PLUS WIFI6E। এসব মাদারবোর্ডে সর্বাধুনিক পিসিআই এক্সপ্রেস ৫.০, থান্ডারবোল্ট ৪ টাইপ-সি, দ্রুতগতির ওয়াই-ফাই প্রযুক্তি, ৫ গিগাবিট ল্যান এবং ডিডিআর৫ মেমরি সমর্থনের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের উচ্চক্ষমতার কম্পিউটার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

পিসি নির্মাণ ও আপগ্রেড প্রক্রিয়াকে আরও সহজ করতে এমএসআই তাদের নিজস্ব ব্যবহারবান্ধব ইজি ডিআইওয়াই নকশাও যুক্ত করেছে। এর মাধ্যমে গ্রাফিক্স কার্ড অপসারণ, এম.২ এসএসডি স্থাপন কিংবা ওয়াই-ফাই অ্যান্টেনা সংযোগের মতো কাজগুলো সহজে করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের প্রসেসর ও উন্নত মাদারবোর্ডের এই সমন্বয় ভবিষ্যতের ডেস্কটপ কম্পিউটিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, শক্তিশালী এবং দক্ষ করে তুলবে। বিশেষ করে গেমিং, ভিডিও সম্পাদনা এবং ভারী মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য পারফরম্যান্স বৃদ্ধি নিশ্চিত করতে পারে।

ডিবিটেক/এনএ/এমইউএম