রিয়াল টাইম পানি সরবরাহ পর্যবেক্ষণে ওয়াসার স্থাপনা পরিদর্শনে এমডি

রিয়াল টাইম পানি সরবরাহ পর্যবেক্ষণে ওয়াসার স্থাপনা পরিদর্শনে এমডি
১৪ মার্চ, ২০২৬ ১৯:৪৬  

ঢাকা ওয়াসায় ব্যবহৃত পানি শোধনের রিয়াল টাইম সরবরাহ পর্যবেক্ষণের আধুনিক SCADA (Supervisory Control and Data Acquisition) প্রযুক্তি পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম। 

SCADA হলো এমন একটি স্বয়ংক্রিয় মনিটরিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার মাধ্যমে দূর থেকে বিভিন্ন শিল্প বা অবকাঠামোগত স্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। পানি সরবরাহ ব্যবস্থায় এই প্রযুক্তি ব্যবহার করে পানির উৎপাদন, চাপ, প্রবাহ এবং সরবরাহ পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এর ফলে দ্রুত ত্রুটি শনাক্ত করা, সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানো এবং সেবার মান উন্নত করা সহজ হয়।

১৪ মার্চ, শনিবার এই প্রযুক্তির ব্যবহার ও সার্বিক কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে ঢাকা ওয়াসা-র বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন সংস্থাটির প্রধান।

পরিদর্শনের অংশ হিসেবে মোঃ আমিনুল ইসলাম  জোন–১ ও ৭ এবং রেভিনিউ জোন–১ ও ৭ ঘুরে দেখেন। পরে তিনি সায়েদাবাদ পানি শোধনাগার-এর ফেজ–১ ও ফেজ–২ পরিদর্শন করেন। এ সময় পানি শোধন প্রক্রিয়া, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহ ব্যবস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি SCADA প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম তদারকির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) (অতিরিক্ত দায়িত্ব) শওকত মাহমুদ, প্রধান প্রকৌশলীসহ ঢাকা ওয়াসার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঢাকা নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মেধা, সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডিবিটেক/এসএ/ইকে