টিকটক বিক্রির মধ্যস্থতায় ১০ বিলিয়ন ডলার ‘ফি’ পাচ্ছে ট্রাম্প প্রশাসন

টিকটক বিক্রির মধ্যস্থতায় ১০ বিলিয়ন ডলার ‘ফি’ পাচ্ছে ট্রাম্প প্রশাসন
১৪ মার্চ, ২০২৬ ১৪:৫৯  

চীনের বাইটড্যান্সের কাছ থেকে টিকটকের মার্কিন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিতে সম্পন্ন হওয়া চুক্তিতে মধ্যস্থতা করায় প্রায় ১০ বিলিয়ন ডলার ফি পেতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় টিকটকের মার্কিন যৌথ উদ্যোগে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এই ফি পরিশোধ করবে। গত জানুয়ারিতে চুক্তি চূড়ান্ত হওয়ার সময় ট্রেজারি বিভাগকে প্রায় ২.৫ বিলিয়ন ডলার দেওয়া হয়। বাকি অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে। এই প্রেক্ষাপটে গঠিত হয় ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার’ নামের নতুন প্রতিষ্ঠান, যেখানে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মালিকানা ৮০.১ শতাংশ এবং বাইটড্যান্সের মালিকানা ১৯.৯ শতাংশ। ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স-এর প্রত্যেকেরই ১৫ শতাংশ করে অংশীদারত্ব রয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা এই ফিকে ‘ন্যায্য’ বলে উল্লেখ করেছেন। তাদের বক্তব্য, কংগ্রেসের জাতীয় নিরাপত্তা উদ্বেগ দূর করে এবং চীনের সঙ্গে জটিল আলোচনা পরিচালনা করে ট্রাম্প টিকটকের মার্কিন কার্যক্রম রক্ষা করেছেন।

টিকটকের ইউএস ব্যবসার মূল্যায়ন সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ১৪ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছিলেন। সেই হিসেবে ১০ বিলিয়ন ডলারের এই ফি মূল্যায়নের ৭০ শতাংশের বেশি, যা যেকোনো বড় আর্থিক লেনদেনের ফির তুলনায় ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এদিকে চলতি মাসের শুরুর দিকে টিকটকের প্রতিদ্বন্দ্বী দুটি সামাজিক মাধ্যমের খুচরা বিনিয়োগকারীরা ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির বিরুদ্ধে মামলা করেছেন। চুক্তি অনুমোদনের মাধ্যমে আইন না মানার অভিযোগ এনে তারা এই মামলা দায়ের করেন।

ডিবিটেক/বিএমটি