সরকারের চাপে চীনে অ্যাপ স্টোরের কমিশন কমাল অ্যাপল

সরকারের চাপে চীনে অ্যাপ স্টোরের কমিশন কমাল অ্যাপল
১৪ মার্চ, ২০২৬ ১৭:৩৮  

চীনের বাজারে অ্যাপ স্টোরের কমিশন ফি কমিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। শুক্রবার (১৩ মার্চ) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, আগামী রোববার থেকে চীনে অ্যাপলের কমিশন হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হবে। খবর রয়টার্স।

অ্যাপলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অ্যাপ-এর ভেতরে কেনাকাটা ও পরিশোধিত লেনদেনের ক্ষেত্রে এই নতুন হার প্রযোজ্য হবে। এছাড়া অ্যাপলের ক্ষুদ্র ব্যবসা ও মিনি অ্যাপস অংশীদারত্ব কর্মসূচির আওতাভুক্ত ডেভেলপারদের জন্য কমিশন হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইকোনমিক ডেইলির হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে চীনের অ্যাপ ডেভেলপারদের বাৎসরিক পরিচালনা ব্যয় ৬০০ কোটি ইউয়ানেরও বেশি (৮৭৩ মিলিয়ন ডলার) কমে আসবে। পাশাপাশি ডিজিটাল পণ্য ও সেবার মূল্যও হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে, যা ভোক্তাদের জন্য সুফল বয়ে আনতে পারে।

২০১০ সালের গ্রাহক সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ১৫০ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার পর চীনে এই কমিশন কমানোর সিদ্ধান্ত এলো। 

চীনের বাজার অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অ্যাপলের প্রায় ৫০০ কোটি ডলারের বার্ষিক ব্যবসা রয়েছে এবং সম্প্রতি আইফোন ১৭-এর চাহিদা বাড়ায় অ্যাপলের শেয়ার বাজারে সাফল্য এসেছে।

অ্যাপলের এই সিদ্ধান্তকে চীনে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চাপের ফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চীনের বাজারে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে সম্প্রতি শক্তিশালী অবস্থান তৈরি করায় অ্যাপলের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছিল।

ডিবিটেক/বিএমটি