অ্যাপে পোস্টাল ভোটে প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো সাড়ে ৪ লাখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে চার লাখ ৬৭ হাজার ৮৪০ জন নিবন্ধন করেছেন।
১৭ ডিসেম্বর, বুধবারসন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
প্রবাসীদের ভোটদানের সুযোগ দিতে গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন করা ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন এবং নারী ২৮ হাজার ৭৬০ জন। সব থেকে বেশি নিবন্ধন করেছে সৌদি প্রবাসীরা, ১ লাখ ১৮ হাজার ৫৮২ জন।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/ডিবিটেক/ইকে



