রোবোট্যাক্সি চালু করতে নিসান-উবার-ওয়েভ জোট

রোবোট্যাক্সি চালু করতে নিসান-উবার-ওয়েভ জোট
১২ মার্চ, ২০২৬ ১৯:৫৫  

জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর, রাইড-হেইলিং প্ল্যাটফর্ম উবার টেকনোলজিস এবং ব্রিটিশ স্টার্টআপ ওয়েভ একত্রে রোবোট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ টোকিওতে একটি পাইলট প্রকল্প চালু হবে। নিসানের লিফ ইলেকট্রিক গাড়িতে ওয়েভের স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি বসানো হবে। এই গাড়িগুলো উবারের প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রাথমিক পর্যায়ে গাড়িগুলোতে একজন প্রশিক্ষিত নিরাপত্তা চালক থাকবেন।

জাপানে উবারের এটি প্রথম স্বায়ত্তশাসিত গাড়ি অংশীদারত্ব। ওয়েভের প্রধান নির্বাহী অ্যালেক্স কেন্ডাল জানান, ২০২৫ সালের শুরু থেকেই তারা জাপানে তাদের প্রযুক্তি পরীক্ষা করে আসছেন।

নিসানের প্রধান নির্বাহী ইভান এস্পিনোসা সাংবাদিকদের জানান, জাপানের বাইরে অন্যান্য বাজারেও এই সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

সফটব্যাংক ও এনভিডিয়ার অর্থায়নে পরিচালিত ওয়েভ ২০২৪ সালের আগস্টে উবারের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করে। দুই প্রতিষ্ঠানের লক্ষ্য লন্ডনসহ বিশ্বের ১০টিরও বেশি শহরে তাদের সেবা চালু করা।

২০২৫ সালের সেপ্টেম্বরে নিসান জানিয়েছিল, তারা ২০২৭ অর্থবছরের মধ্যে জাপানে স্বচালিত ড্রাইভিং সেবা চালুর লক্ষ্যে ওয়েভের প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভার-সহায়তা সিস্টেম পরীক্ষা করছে।

ডিবিটেক/বিএমটি