একাধিক দেশে গুগল ক্রোমে চালু হলো জেমিনি
গুগল তাদের ক্রোম ব্রাউজারে নির্মিত চ্যাটবট ‘জেমিনি’ কানাডা, ভারত ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য চালু করছে। একই সঙ্গে জেমিনি আরও ৫০টি নতুন ভাষায় কথা বলতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
চলতি বছরের শুরুতে গুগল ক্রোমে ন্যানো বানানা ইমেজ জেনারেশনসহ বেশ কয়েকটি জেমিনি-চালিত ফিচার আনে, যা প্রথমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পেয়েছিলেন। এখন সেই ফিচারগুলো কানাডা, ভারত ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হচ্ছে। নতুন ভাষার মধ্যে রয়েছে ফরাসি, গুজরাটি, হিন্দি ও স্প্যানিশ।
ক্রোমে জেমিনি ব্যবহার করতে ব্রাউজারের উপরের ডানদিকে থাকা স্পার্কল আইকনে ক্লিক করতে হবে। এতে সাইডবার ইন্টারফেস খুলবে, যেখানে ট্যাব পরিবর্তন না করেই জেমিনি চ্যাটবটের সঙ্গে কথা বলা যাবে। এই সাইডবার থেকে গুগলের ইমেজ জেনারেটরও ব্যবহার করা যাবে। এছাড়া জেমিনির সঙ্গে জিমেইল, ম্যাপস, ক্যালেন্ডার, ইউটিউব ও অন্যান্য গুগল অ্যাপের ইন্টিগ্রেশন থাকবে।
গুগল জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়ে আরও দেশ ও ভাষায় ক্রোমে জেমিনি চালু করা হবে। তবে কেউ যদি জেমিনি ব্যবহার করতে না চান, তাহলে স্পার্কল আইকনে রাইট ক্লিক করে আনপিন করে দিলেই আর দেখা যাবে না।
ডিবিটেক/বিএমটি



