নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ
১১ মার্চ, ২০২৬ ১১:৫৮  
১১ মার্চ, ২০২৬ ১৩:০৩  

পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আরো আত্মবিশ্বাসী করতে সরকারের পক্ষ থেকে চালু করা ফ্যামিলি কার্ডের টাকা বিতরণে সঙ্গী হয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ।

নগদ-কে এই প্রকল্পের অংশীদার করায় নগদ পরিবারের পক্ষ থেকে সরকার প্রধানের প্রতি বিশেষ কর্তৃজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি বলেছেন, সরকার ক্ষমতা গ্রহনের মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে সাধারণ জনগনের কাছে প্রতিশ্রুতি পূরণের যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সেটি আমাদেরকে মুগ্ধ করেছে। সরকারের এমন একটি প্রকল্পের অংশীদার হওয়ায় আমরা গোটা নগদ পরিবার সরকার প্রধানের প্রতি বিশেষ কর্তৃজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, সরকারের নির্বাচনপূর্ব প্রতিশ্রুত এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩ জেলার সিটি করপোরেশন, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে মাঠ পর্যায়ে নিবিড় যাচাই-বাছাই এবং একই ব্যক্তির একাধিক সরকারি ভাতা গ্রহণ রোধ, সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীদের বাদ দেওয়া হয়।

এই প্রকল্পের আওতায় কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সমাজের প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। সরকারের এই উদ্যোগটি নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি/আইএইচ