গুগল প্লে স্টোরের ফি কমলো
গুগল প্লে স্টোরের মাধ্যমে অ্যাপ বিক্রি ও ইন-অ্যাপ কেনাকাটায় আর ৩০ শতাংশ কমিশন নেবে না গুগল। বৃহস্পতিবার (৫ মার্চ) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, তারা এই ফি কমিয়ে ২০ শতাংশ করছে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা ১৫ শতাংশ পর্যন্ত কমানো হবে। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ফি কমে হবে ১০ শতাংশ। খবর এনগ্যাজেট।
এই সিদ্ধান্ত এসেছে ২০২৫ সালের নভেম্বরে এপিক গেমসের সঙ্গে গুগলের সমঝোতার অংশ হিসেবে। তবে আদালতের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা না করেই নিজেদের উদ্যোগে এই পরিবর্তন আনছে গুগল।
গুগল জানিয়েছে, বিকল্প বিলিং সিস্টেম ব্যবহারের পথও সহজ করা হচ্ছে। ডেভেলপাররা এখন গুগলের নিজস্ব বিলিং সিস্টেমের পাশাপাশি বিকল্প বিলিং সিস্টেম অফার করতে পারবেন অথবা ব্যবহারকারীদের নিজেদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবেন কেনাকাটার জন্য। অ্যাপলের তুলনায় এই নিয়ম অনেক বেশি উদার বলে মনে করছেন বিশ্লেষকরা।
তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর নিয়ে আসারও পথ খুলে দিয়েছে গুগল। ‘রেজিস্টার্ড অ্যাপ স্টোরস’ নামের একটি কর্মসূচির মাধ্যমে অ্যান্ড্রয়েডে নিরাপদ ও মানসম্পন্ন তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর আনা যাবে। এই কর্মসূচির আওতায় না এলে ব্যবহারকারীদের সাইডলোডিংয়ের মাধ্যমে অ্যাপ স্টোর ইনস্টল করতে হবে, যা চলতি বছরের শেষ দিকে কঠোর করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে গুগল।
ইউরোপীয় ইকোনমিক এরিয়া (ইইএ), ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে আগামী ৩০ জুনের মধ্যে নতুন ফি কাঠামো কার্যকর হবে। অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর, কোরিয়া ও জাপানে ৩১ ডিসেম্বর এবং বিশ্বের বাকি অংশে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি চালু হবে।
নতুন গুগল প্লে গেমস লেভেল আপ কর্মসূচি ও অ্যাপ এক্সপেরিয়েন্স কর্মসূচি ইইএ, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর চালু হবে। রেজিস্টার্ড অ্যাপ স্টোরস কর্মসূচি চলতি বছরেই অ্যান্ড্রয়েডের বড় সংস্করণের সঙ্গে চালু হবে বলে জানিয়েছে গুগল।
২০২১ সালে গুগল প্রথম ১৫ শতাংশ ফি কাঠামো চালু করেছিল, যা ছিল ডেভেলপারদের প্রথম ১০ লাখ ডলার আয়ের ওপর প্রযোজ্য।
এপিক গেমসের মামলার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপই এই বড় পরিবর্তনের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, সমঝোতার অংশ হিসেবে গুগল এপিক গেমসের সঙ্গে পণ্য উন্নয়ন ও প্রযুক্তি নিয়ে ৮০ কোটি ডলারের অংশীদারত্ব চুক্তিও করেছে।
ডিবিটেক/বিএমটি







