ওপেনএআই-অ্যানথ্রপিকে বিনিয়োগ বন্ধের ইঙ্গিত এনভিডিয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিকে এনভিডিয়ার বিনিয়োগ শেষ হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। বুধবার (৪ মার্চ) মরগান স্ট্যানলির টেকনোলজি, মিডিয়া অ্যান্ড টেলিকম সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। খবর রয়টার্স।
হুয়াং বলেন, সম্প্রতি ওপেনএআই-এ ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আসন্ন বলে এই বিনিয়োগই শেষ হতে পারে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘোষিত ১০০ বিলিয়ন ডলারের চুক্তিটি বাস্তবায়ন হচ্ছে না বলেও জানান তিনি।
একইভাবে অ্যানথ্রপিক-এ ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগটিও শেষ হতে পারে বলে উল্লেখ করেন হুয়াং। প্রতিদ্বন্দ্বী এই প্রতিষ্ঠানটিও চলতি বছর আইপিও-র পরিকল্পনা করছে বলে খবর বেরিয়েছে।
সম্মেলনে হুয়াংয়ের বক্তব্য নিয়ে বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার এআই চিপের ওপর নির্ভরশীলতা এবং সম্প্রতি পেন্টাগনের সঙ্গে অ্যানথ্রপিকের বিরোধ-এসব কারণেও বিনিয়োগ কৌশলে পরিবর্তন আসতে পারে।
গত ফেব্রুয়ারিতে ওপেনএআই ৭৩০ বিলিয়ন ডলার মূল্যায়নে ১১০ বিলিয়ন ডলার অর্থায়ন সম্পন্ন করেছে, যেখানে এনভিডিয়া, সফটব্যাংক ও অ্যামাজন প্রধান বিনিয়োগকারী। ওপেনএআই চলতি বছরের শেষ দিকে আইপিও-র প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
এনভিডিয়ার এই সিদ্ধান্ত প্রতিষ্ঠান দুটির আইপিও-র পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







