ঢাকার যানজট নিরসনে প্রকৌশলীদের সঙ্গে পরামর্শ করলেন প্রধানমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে প্রকৌশলীদের সঙ্গে পরামর্শ করলেন প্রধানমন্ত্রী
২ মার্চ, ২০২৬ ১১:৫২  
২ মার্চ, ২০২৬ ১৪:১৩  

রাজধানীর চিরচেনা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে ২ মার্চ, সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলী ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করেন। রাজধানীর যানজট কমিয়ে জনজীবন স্বস্তিদায়ক করতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও কৌশলগত পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। 

একই দিনে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও স্থাপত্য উন্নয়নের বিষয়ে স্থপতিদের সঙ্গে আলোচনা করেছেন তারেক রহমান। 

সচিবালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিতভাবে সচিবালয়ে দাফতরিক কাজে অংশ নিচ্ছেন। 
ডিবিটেক/এসএ/ইকে