দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশন

দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশন
২৪ মার্চ, ২০২৬ ১০:০০  

দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশন করা হচ্ছে জানিয়ে আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

২৪ মার্চ, মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এমন আশার কথা শোনান তিনি। সভায় সংশ্লিষ্ট সব দপ্তর—ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসন, হোম মিনিস্ট্রি, রাজউক ও অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত প্রতিনিধি, ডিটিসিএসহ আরও অন্যান্য কর্তৃপক্ষের সদস্য এবং বুয়েটের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। 

সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি- সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। স্বল্পমেয়াদি কী কী বিষয়ে আমরা অ্যাড্রেস করতে পারি। এগুলো সবই রেজুলেশন আকারে পরে জানানো হবে, আমি এখানে বিস্তারিত কিছু বলতে চাই না। তবে আশা করি ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদি যে সব পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারবো। ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারপর মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় আমাদের এই ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এখন সাতটা কাজ করছে, আর সপ্তাহখানেকের মধ্যে আরও ছয়টা ইন্টারসেকশনে কাজ হবে সিগন্যাল মোড়ে। এরপরে পর্যায়ক্রমে ১২০ টার মতো সিগন্যাল আছে ঢাকা শহরে- সবগুলোই অটোমেশন করা হবে।’

ডিবিটেক/এসএইচ/ইকে