আলভী ও তিথির ফেসবুক পেজ উধাও

আলভী ও তিথির ফেসবুক পেজ উধাও
২ মার্চ, ২০২৬ ০০:০০  

স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহননের ঘটনায় ছোট পর্দায় অভিনেতা জাহের আলভীর এবং পরকীয়া সন্দেহে তার সহকর্মী ইফফাত আরা তিথির ফেসবুক পেজ উধাও করা হয়েছে।  ফলে অভিনেতা আলভীর ২৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং অভিনেত্রী তিথির ৩ লাখ ২৪ হাজার অনুসারীর পেজটি বর্তমানে ডিজঅ্যাবল দেখাচ্ছে।

সাইবার জগতের পরিচিত মুখ, সাইবার স্পেশালিস্ট লাল রনির কঠোর অবস্থানের পরই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

লাল রনি এক পোস্টে লেখেন, ‘বলেছিলাম আলভীর স্ত্রীর আত্মহত্যা যদি আলভীর পরকীয়ার কারণে হয়ে থাকে, তাহলে আলভীকে নাট্যজগতের কোথাও থাকতে দেব না। খেলা মাত্র শুরু, শেষটা আরও ভয়াবহ হবে।’

লাল রনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখানেই শেষ নয়; তিথির ব্যক্তিগত আইডি এবং ইনস্টাগ্রামও লক্ষ্যবস্তুতে রয়েছে। তার ভাষ্যমতে, এমন পরিস্থিতি তৈরি করা হবে, যাতে তারা শুধু নামেই অভিনেতা-অভিনেত্রী থাকবেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাবেন না। তাদের কোনো নাটক বা সিরিয়াল যেন দর্শক দেখতে না পায়, সেই পথও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।

ইকরার ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেন, ‘দুই-তিন বছর ধরে তিথির সঙ্গে প্রেমের কথা অস্বীকার করছে আলভী। ইকরা আগে থেকে সন্দেহ করত। কিন্তু আলভী বলতেন ‘না আমরা শুধু সহকর্মী। এর বাইরে কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্প্রতি আলভী তাঁদের সম্পর্কে কথা স্বীকার করেছেন। এবং ইকরা বলেছেন ‘তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি তোমার সঙ্গে শুধু ছেলের জন্য।’ 

ইকরার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য জানা যাবে। 

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নেওয়া হয়। ১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী।

জানা গেছে, নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত হননি।

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

অপরদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 

ডিবিটেক/ডিএইচই/ইকে