ডিক্রি দিয়ে সোশ্যাল লাইভে মাদাগাস্কারের সংসদ ভেঙে দিলেন রাজোয়েলিনা
সেনাসমর্থিত জেন-জি বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেশটির জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।
ওই লাইভে রাজোয়েলিনা ‘রাজনৈতিক ও সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টার’ অভিযোগ তোলেন। রাজোয়েলিনা বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে আমার জীবননাশের চেষ্টা এবং সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা চলছে। একদল সেনা কর্মকর্তা ও রাজনৈতিক আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। তিনি জীবনের নিরাপত্তার কারণে দেশ ছেড়েছেন এবং এখন একটি ‘নিরাপদ স্থানে’ অবস্থান করছেন।
কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে সরকার ও প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে রূপ নেয়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি আন্দোলনকারীরা রাজোয়েলিনার পদত্যাগ দাবি করে রাজপথে নেমে আসে। রাজোয়েলিনা এসব দাবিকে উপেক্ষা করে বলেন, এই সব সমস্যার একটাই সমাধান-বর্তমান সংবিধানকে শ্রদ্ধা করা। যদি আমরা তা না করি, দারিদ্র্য আরও বেড়ে যাবে। আমি সমাধান খুঁজে বের করার মিশনে আছি।
লাইভেই একটি ডিক্রি প্রকাশ করে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণার কিছুক্ষণ আগেই আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন (ইমপিচমেন্ট) ভোট হওয়ার কথা ছিল।
মাদাগাস্কারের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা রেডিও এবং টেলিভিশনে প্রচারের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক পোস্টে পলাতক প্রেসিডেন্ট দাবি করেন, দেশের ‘শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতেই’ তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
এদিকে বিরোধীদলীয় নেতা সিটেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের সভাপতি জাস্টিন টোকেলেকে পরামর্শ না করে সংসদ ভেঙে দেওয়া সম্পূর্ণ বে-আইনি।







