তরুণ উদ্যোক্তাদের আয়ের নতুন পথ

চালু হলো ‘বাংলালিংক পাওয়ার’

চালু হলো ‘বাংলালিংক পাওয়ার’
১ মার্চ, ২০২৬ ১৩:২৩  

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে ‘বাংলালিংক পাওয়ার’ নামে একটি সামাজিক বিতরণ প্ল্যাটফর্ম চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা মোবাইল রিচার্জ বিক্রি করে আয় করতে পারবেন।

বর্তমানে প্ল্যাটফর্মটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক সংস্করণে চালু হয়েছে। কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


‘বাংলালিংক পাওয়ার’-এ যুক্ত হয়ে ব্যবহারকারীরা সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে খুচরা বিক্রেতা হতে পারবেন। রিচার্জ বিক্রির মাধ্যমে তারা কমিশন ও বিভিন্ন পুরস্কার পাবেন। কোনো ধরনের প্রাথমিক বিনিয়োগ ছাড়াই তরুণ, নারী বা ক্ষুদ্র উদ্যোক্তা—যে কেউ এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে রয়েছে সহজ নিবন্ধন প্রক্রিয়া, ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা, তাৎক্ষণিক কমিশন দেখার সুবিধা এবং স্বচ্ছ পুরস্কার প্রক্রিয়া, যা ব্যবহারকারীদের জন্য পুরো অভিজ্ঞতাকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।


এ বিষয়ে বাংলালিংকের বিক্রয় ও বিতরণ পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জন্য অর্থবহ সুযোগ তৈরি করতে কাজ করছে বাংলালিংক। ‘বাংলালিংক পাওয়ার’ প্ল্যাটফর্মটি আর্থিক ক্ষমতায়ন ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন।

ডিবিটেক/এমআর/এমইউএম