পাতলা মডুলার স্মার্টফোন কনসেপ্ট উন্মোচন করলো টেকনো
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এক চমকপ্রদ মডুলার স্মার্টফোন কনসেপ্ট ডিজাইন উন্মোচন করেছে। ফোনটির মূল অংশ মাত্র ৪.৯ মিলিমিটার পুরু, যা একটি পেন্সিলের চেয়েও পাতলা এবং সম্প্রতি ঘোষিত আইফোন এয়ারের চেয়েও সরু। খবর এনগ্যাজেট।
টেকনোর উদ্ভাবিত নতুন ইন্টারকানেকশন প্রযুক্তিতে ম্যাগনেট ও পিন কানেক্টর ব্যবহার করা হয়েছে। ম্যাগনেট দিয়ে বিভিন্ন কম্পোনেন্ট জোড়া লাগানো যাবে আর পিন কানেক্টর পাওয়ার ডেলিভারি নিশ্চিত করবে। ফোন ও মডিউলের মধ্যে ডেটা ট্রান্সমিশন হবে ওয়্যারলেসভাবে—ওয়াই-ফাই, ব্লুটুথ ও মিমিওয়েভ প্রযুক্তির মাধ্যমে অবস্থান অনুযায়ী সুইচ করার ক্ষমতা থাকবে।
প্রতিষ্ঠানটি এই ফোনের জন্য ১০টি ভিন্ন মডিউল তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যামেরা লেন্স ও একটি ডেডিকেটেড গেমিং কন্ট্রোলার। পাওয়ার ব্যাংক মডিউল জুড়ে দিলে ফোনের পুরুত্ব বর্তমান স্মার্টফোনের সমান হবে।
টেকনো জানিয়েছে, এই ফোন ‘হার্ডওয়্যার এক্সপানশনের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে বাড়ার জন্য’ ডিজাইন করা হয়েছে। ফোন ও অ্যাকসেসরিজের জন্য দুটি কালারওয়ে আনা হয়েছে—সিলভার-অ্যালুমিনিয়াম ও গ্রে সংস্করণ।
তবে এটি শুধুমাত্র একটি কনসেপ্ট ডিজাইন। বাজারে আসার সম্ভাবনা কম থাকলেও টেকনোর ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট প্রযুক্তি ভবিষ্যতে বাস্তব পণ্যে দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
টেকনো এর আগেও সাশ্রয়ী ফোল্ডেবল ফোন, পপ-আউট পোর্ট্রেট লেন্স এবং বহিরাগত বৃত্তাকার ডিসপ্লের মতো উদ্ভাবনী ডিজাইন এনেছে। গুগলের প্রজেক্ট আরা ও অন্যান্য কনসেপ্ট এক দশক আগে এলেও মডুলার স্মার্টফোন এখনো বাণিজ্যিকভাবে সফল হয়নি। ২০১৬ সালে এলজির জি৫ ও মোটোর কিছু সেমি-মডুলার ফোন বাজারে এলেও ব্যাপক সাড়া পায়নি ।
ডিবিটেক/বিএমটি







