এক্সবক্স কনসোলে এলো ১৪৪০পিক্সেল স্ট্রিমিং সুবিধা

এক্সবক্স কনসোলে এলো ১৪৪০পিক্সেল স্ট্রিমিং সুবিধা
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:২১  

মাইক্রোসফট তাদের এক্সবক্স কনসোল ব্যবহারকারীদের জন্য গেম স্ট্রিমিংয়ে ১৪৪০পিক্সেল রেজুলিউশন সমর্থনের সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উচ্চতর বিটরেটের স্ট্রিমিং সুবিধা শুধু গেম পাস আল্টিমেট গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। খবর এনগ্যাজেট।

এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান এক্স ও এক্সবক্স ওয়ান ব্যবহারকারীরা তাদের গেমস ১৪৪০পি রেজুলিউশনে খেলতে পারবেন, যদি গেম ও ডিসপ্লে এই রেজুলিউশন সমর্থন করে। এর আগে শুধুমাত্র নির্বাচিত ফায়ার টিভি, এলজি টিভি, স্যামসাং টিভি, ওয়েব ব্রাউজার ও এক্সবক্স পিসি অ্যাপে এই সুবিধা পাওয়া যেত।

গেম স্ট্রিমিং গেম পাস সাবস্ক্রিপশনের একটি গুরুত্বপূর্ণ সুবিধা। ২০২৫ সাল থেকে গ্রাহকরা গেম পাস লাইব্রেরির বাইরের নিজেদের মালিকানাধীন গেমও স্ট্রিম করে খেলতে পারছেন।

এক্সবক্স পিসি অ্যাপেও নতুন সংযোজন এসেছে। কন্ট্রোলার দিয়ে অ্যাপ ব্যবহারের সময় ‘নেভিগেশন সাউন্ড’ যুক্ত করা হয়েছে, যা কন্ট্রোলার ইনপুটকে আরও সাড়াদায়ক ও স্বজ্ঞাত করে তুলবে।

এছাড়া আসুসের আরওজি এক্সবক্স অ্যালি ও অ্যালি এক্স হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোতে মাইক্রোএসডি কার্ডের মতো রিমুভেবল স্টোরেজ ফরম্যাট করা সহজ করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু গেমের সামঞ্জস্য বাড়াতে ড্রাইভার আপডেট করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে মাইক্রোসফট গেমিং বিভাগে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের প্রধান নির্বাহী ফিল স্পেনসার অবসরে যাওয়ার পর কোরএআই বিভাগের প্রধান আশা শর্মাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। শর্মার নিয়োগ এক্সবক্সের জন্য ইতিবাচক না নেতিবাচক হবে তা নিয়ে মতভেদ থাকলেও, আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি