ইউটিউবে বয়স যাচাই করবে এআই

ইউটিউবে বয়স যাচাই করবে এআই
৩০ জুলাই, ২০২৫ ১৬:৪৪  
৩০ জুলাই, ২০২৫ ২০:০৭  

ইন্সটাগ্রামের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর ব্যবহারকারীর বয়স যাচাইয়ের দায়িত্ব ছেড়ে দিচ্ছে মার্কিন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। প্রথমে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর ওপর এ প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করবে তারা। এরপর ধাপে ধাপে সবার জন্য এ প্রযুক্তি চালু করা হবে বলে খবর দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। 

খবরে প্রকাশ, মেশিন লার্নিং টুল দিয়ে ব্যবহারকারীর কিছু আচরণ বিশ্লেষণ করে ইউটিউব কর্তৃপক্ষ বোঝার চেষ্টা করবে কোন কোন ব্যবহারকারীদের জন্য টিন অ্যাকাউন্ট দরকার। একইসঙ্গে অ্যকাউন্টধারী কোন ধরনের ভিডিও খুঁজচ্ছেন, কী ধরনের ভিডিও দেখছেন ও অ্যাকাউন্টটি কতদিন ধরে ব্যবহার করছেন এমন সব বিষয় খতিয়ে দেখবে টুলটি। 

ইউটিউব বলেছে, মেশিন লার্নিং যদি মনে করে এ অ্যাকাউন্ট টিন ব্যবহারকারীর তবে সেই অ্যাকাউন্টে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেবে ইউটিউব। একইসঙ্গে টিন অ্যাকাউন্টের জন্য ‘ডিজিটাল ওয়েলবিয়িং’ বা সুস্থ ডিজিটাল অভ্যাস টুল চালু করবে ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা যোগ করবে, যাতে তাদের অনলাইন অভিজ্ঞতা নিরাপদ হয়।

২০২১ সালে ‘সুপারভাইজড টিন অ্যাকাউন্ট’ চালুর পর থেকে টিন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে চলেছে ইউটিউব। কোম্পানিটি বলেছে, মেশিন লার্নিং পদ্ধতিটি এরইমধ্যে ‘অন্যান্য দেশে কিছু সময় ধরে ব্যবহার করছে তারা এবং সেখানে ভালোভাবে কাজ করছে এই টুল’।

এআই ব্যবহার করে ব্যবহারকারীদের আসল বয়স জানার চেষ্টা করছে ইউটিউবই এমন একমাত্র প্লাটফর্ম নয়। এই তালিকায় রয়েছে মেটাও। কারণ অনেক ব্যবহারকারীই নিজেদের বয়স নিয়ে ভুল তথ্য দিয়েছেন। তবে ব্যবহারকারীদের ওপরই এই ভুল শনাক্তের দায় দিতে চাইছে ইউটিউব।

প্লাটফর্মটি বলছে, “এআই যদি ভুল করে কারো বয়স ১৮ বছরের কম ধরে নেয় তবে ক্রেডিট কার্ড বা সরকারী আইডি ব্যবহার করে নিজের বয়স প্রমাণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে ভুল ধরার দায় ব্যবহারকারীদের ওপরই বর্তাবে।”

অন্যদিকে, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে একইরকম এআই টুল চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মূল কোম্পানি মেটা। তবে এক্ষেত্রে এআই ভুল ধরলে সহজেই ব্যবহারকারী নিজের বয়সের তথ্য পরিবর্তন করে ঠিক করে নিতে পারেন। এজন্য মেটার বেলায় এত কঠিন প্রমাণ দিতে হয় না তাদের।