ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করলো গ্রামীণফোন

ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করলো গ্রামীণফোন
৩ জানুয়ারি, ২০২৬ ১০:০৬  

বাংলালিংক ও রবি’র পর এবার ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে ওয়াই-ফাই কলিং সেবা চালু করলো অপর বেসরকারি অপারেটর গ্রামীণফোন। এর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে বাড়তি কোন খরচ ছাড়া আরও উন্নত ভয়েস কল সেবা পাবেন। 

৩ জানুয়ারি, শনিবার অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কে সেবাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। গ্রাহকদের এই সেবা দিতে প্রাথমিকভাবে আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। অপারেটরটির দাবি, কলের মান আরও উন্নত করার লক্ষ্যে ডিজাইনকৃত এই সেবাটি কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন কলিং অভিজ্ঞতা দেবে।  

এ নিয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এ অগ্রযাত্রায় ওয়াই-ফাই কলিং সেবা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগের সুযোগ পাবেন আমাদের গ্রাহকরা।”

ডিবিটেক/বিআরজি/এমইউএম