সিইএস ২০২৬: টিভি, মনিটর ও গৃহস্থালি পণ্যে চমক দেখাবে স্যামসাং

সিইএস ২০২৬: টিভি, মনিটর ও গৃহস্থালি পণ্যে চমক দেখাবে স্যামসাং
২৪ ডিসেম্বর, ২০২৫ ২০:০০  
২৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৪  

আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সিইএস ২০২৬ প্রদর্শনীর আগে নিজেদের বড় উন্মোচন অনুষ্ঠানের আভাস দিল স্যামসাং। ৬ থেকে ৯ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত এই প্রযুক্তি মেলায় নতুন টিভি, মনিটর ও গৃহস্থালি পণ্য প্রদর্শন করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর জিএসএম এরিনা।

স্যামসাংয়ের বার্ষিক উন্মোচন অনুষ্ঠানটির নাম ‘দ্য ফার্স্ট লুক’। ২০২৬ সংস্করণের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইওর কম্প্যানিয়ন টু এআই লিভিং’। 

সম্প্রতি প্রকাশিত টিজার ভিডিওতে পাতলা বেজেল ও ধাতব ফিনিশের টিভির পাশাপাশি ক্যামেরাসংযুক্ত একটি রোবট ভ্যাকুয়াম ক্লিনারের ঝলক দেখা গেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাধা শনাক্তকরণে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাং বিভিন্ন পণ্যে এআই সমন্বয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বেসপোক এআই রেফ্রিজারেটরে গুগলের জেমিনি যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় লাস ভেগাসের উইন হোটেলে অনুষ্ঠিত হবে ‘দ্য ফার্স্ট লুক’ অনুষ্ঠান। এতে বক্তব্য দেবেন স্যামসাং ডিভাইস এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান ও প্রধান নির্বাহী টি এম রোহ, ভিজ্যুয়াল ডিসপ্লে বিভাগের প্রধান এসডব্লিউ ইয়ং এবং ডিজিটাল অ্যাপ্লায়েন্স বিভাগের প্রধান চেওলগি কিম।

ডিবিটেক/বিএমটি