বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার
আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচারটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। প্রায় দেড় বছর আগে চালু হওয়া এই ফিচারটি ডার্ক ওয়েবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না, তা মনিটর করতে সহায়তা করত। খবর টেকক্রাঞ্চ।
গুগল তাদের সাপোর্ট পেজে জানিয়েছে, ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তার ঝুঁকিতে পরবর্তী করণীয় সম্পর্কে স্পষ্ট ও কার্যকরী নির্দেশনা দিতে পারছিল না। এই সীমাবদ্ধতার কারণেই সেবাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন যে, কেবল পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ ছাড়া এই টুল থেকে সুনির্দিষ্ট কোনো সমাধানের পথ পাওয়া যেত না।
এর পরিবর্তে গুগল এখন ‘সিকিউরিটি চেকআপ’, ‘পাসওয়ার্ড ম্যানেজার’ এবং ‘পাসওয়ার্ড চেকআপ’-এর মতো টুলগুলোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৬ জানুয়ারির পর থেকে ডার্ক ওয়েবে নতুন করে আর কোনো তথ্য স্ক্যান করা হবে না এবং সেবাটি পুরোপুরি বন্ধ হওয়ার পর গুগল তাদের সার্ভার থেকে এ সম্পর্কিত সব তথ্য মুছে ফেলবে।
ডিবিটেক/বিএমটি



