ব্যাটারি স্টোরেজ ব্যবসায় নামছে ফোর্ড
বড় আকারের বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরির পরিকল্পনা থেকে সরে এসে এবার ব্যাটারি স্টোরেজ বা শক্তি সংরক্ষণ ব্যবসায় বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড। ডাটা সেন্টার এবং বিদ্যুৎ গ্রিডের চাহিদা মেটাতে কম খরচের লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি তৈরি করবে প্রতিষ্ঠানটি। খবর টেকক্রাঞ্চ।
সোমবার ফোর্ড জানিয়েছে, এই নতুন ব্যবসায় আগামী দুই বছরে প্রায় ২০০ কোটি ডলার (২ বিলিয়ন) বিনিয়োগ করা হবে। কেন্টাকিতে অবস্থিত ফোর্ডের কারখানায় এই ব্যাটারি তৈরি হবে এবং ২০২৭ সাল নাগাদ তা বাজারজাত শুরু করার পরিকল্পনা রয়েছে। ফোর্ডের লক্ষ্য বার্ষিক ২০ গিগাওয়াট-ঘণ্টা উৎপাদন সক্ষমতা অর্জন করা।
প্রতিষ্ঠানটি চীনের সিএটিএল-এর প্রযুক্তি লাইসেন্স নিয়ে এই এলএফপি ব্যাটারি উৎপাদন করবে। ফোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা লিসা ড্রেক জানান, প্রাথমিকভাবে বাণিজ্যিক গ্রিড গ্রাহকদের লক্ষ্য করা হলেও, ডেটা সেন্টার এবং গৃহস্থালি ব্যবহারের জন্যও এই স্টোরেজ ব্যবস্থা সরবরাহ করা হবে।
এর মাধ্যমে টেসলা ও জেনারেল মোটরসের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় নামল ফোর্ড। পাশাপাশি মিশিগানে ফোর্ডের ‘ব্লুওভাল ব্যাটারি পার্ক’-এর কাজও পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, যেখানে ২০২৬ সাল থেকে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







