শতাধিক বিনিয়োগকারীর সামনে পাঁচ স্টার্টআপের পিচ

শতাধিক বিনিয়োগকারীর সামনে পাঁচ স্টার্টআপের পিচ
২৯ নভেম্বর, ২০২৫ ১৮:৩০  
২৯ নভেম্বর, ২০২৫ ২০:৩৩  

লাইট অব হোপ ভেঞ্চার্সের আয়োজনে ধানমন্ডির ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেন্টারে ২৯ নভেম্বর, শনিবার শতাধিক বিনিয়োগকারীর সামনে পাঁচজন নতুন উদ্যোক্তা তাদের ব্যবসায়িক ধারণা পিচ করেছেন।

উদ্যোক্তারা ছিলেন—বাংলাদেশ সাপ্লাই চেইন সলিউশন্স (বিএসসিএস), টাইলো, গ্রিন গ্রোসারি, প্রোটিন মার্কেট এবং আইস। তারা শুধু তাদের ব্যবসার ধারণা উপস্থাপন করেননি, বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এবং ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

লাইট অব হোপ ভেঞ্চার্সের ফাউন্ডার ওয়ালিউল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “প্রথমবারের মতো আমাদের এই ধরনের ইভেন্টে উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি ছিল। এটি স্পষ্ট করছে যে ব্যক্তিগত বিনিয়োগকারীরাও এখন নতুন নতুন সুযোগ খুঁজছেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে উদ্যোক্তারা তাদের ধারণা ভাগ করতে, সহযোগিতা করতে এবং বাস্তব ফলাফল অর্জন করতে পারবে।”

লাইট অব হোপ ভেঞ্চার্স এখন ‘বাংলাদেশি এসএমই-এর জন্য ওয়াই কম্বিনেটর’ হিসেবে কৃষি, শিক্ষা, উৎপাদন, সেবা এবং প্রযুক্তি খাতের স্টার্টআপদের মেন্টরশিপ, বিনিয়োগ এবং বাজারে প্রবেশের সুযোগ প্রদান করেছে।  তাদের কমিউনিটিতে বর্তমানে আটটি খাতে ১,০০০-এর বেশি স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তা রয়েছেন।

প্রসঙ্গত, লাইট অব হোপ ভেঞ্চার্স প্রতি মাসের শেষ শনিবার এই ধরনের পিচ সেশন চালু রাখবে, যেখানে প্রতিটি ইভেন্টে পাঁচ থেকে সাতটি স্টার্টআপ অংশগ্রহণ করবে।
ডিবিটেক/এআর/ইকে