রাশিয়ার পূর্ণ নিষেধাজ্ঞার হুমকিতে হোয়াটসঅ্যাপ
রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর আবারও হোয়াটসঅ্যাপকে কঠোর বার্তা দিয়েছে—রুশ আইন মানতে ব্যর্থ হলে দেশজুড়ে অ্যাপটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
আগস্ট থেকেই রাশিয়া হোয়াটসঅ্যাপ (মালিক মেটা প্ল্যাটফর্মস) এবং টেলিগ্রামের কিছু কল সীমিত করে রেখেছে। অভিযোগ—প্রতারণা ও সন্ত্রাসবিরোধী তদন্তে প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ভাগ করতে বিদেশি মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম অস্বীকৃতি জানাচ্ছে।
রসকমনাডজর জানায়, অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় দেশটির যে প্রযুক্তিগত শর্ত রয়েছে, সেগুলো হোয়াটসঅ্যাপ পূরণ করতে ব্যর্থ হয়েছে। সংস্থাটি ইন্টারফ্যাক্সকে উদ্ধৃত করে বলে, “রুশ আইন মানতে ব্যর্থতা অব্যাহত থাকলে মেসেজিং সেবাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।”
অন্যদিকে হোয়াটসঅ্যাপ অভিযোগ করেছে—মস্কো ইচ্ছাকৃতভাবে লাখো রুশ নাগরিককে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার বাইরে ঠেলে দিতে চায়।
রাশিয়ার কর্তৃপক্ষ ইতোমধ্যে “ম্যাক্স” নামে রাষ্ট্র-সমর্থিত একটি বিকল্প মেসেজিং অ্যাপ প্রচার করছে, যদিও সমালোচকদের দাবি—অ্যাপটি ব্যবহারকারীদের নজরদারিতে কাজে লাগতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যম এসব অভিযোগ অস্বীকার করেছে।
ডিবিটেক/বিএমটি



