সিকো অ্যারেনাতে রবি এলিট গ্রাহকদের ১০ শতাংশ পর্যন্ত ছাড়
চট্টগ্রামের ‘সবচেয়ে বড়’ গেইমিং ও স্পোর্টস এন্টারটেইনমেন্ট সেন্টার সিকো অ্যারেনার সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকভূক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এর মাধ্যমে সিকো অ্যারেনার সব গেইম ও অ্যাকটিভিটিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।
৯ সেপ্টেম্বর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি বলেছে, সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে সিকো অ্যারেনার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে তারা।
রবি আজিয়াটার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) মো. আশরাফুল কবির, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) ও সিনিয়র এরিয়া ম্যানেজার সত্যজিৎ চৌধুরী।
সিকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালক ইশমাম চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রধান সাইফ বিন মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় সিকো অ্যারেনায় রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যাডভেঞ্চার, লেজার ট্যাগ, গো-কার্টিং, ট্র্যাম্পোলিন পার্ক, বোলিং, আর্কেড গেম, শুটিং, আর্চারি, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা ধরনের খেলা ও বিনোদনের ব্যবস্থা। একটি ইন-হাউস রেস্টুরেন্ট ছাড়াও কর্পোরেট ইভেন্টের জন্য আলাদা সুবিধা আছে।
রবি এলিট হল রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।







