উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে

শেষ হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

শেষ হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
২৬ মে, ২০২৫ ২২:০৬  
২৬ মে, ২০২৫ ২২:১৮  

বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন প্রজন্মের সম্ভাবনার ঝলক দেখিয়ে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যপাী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৫জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বিজ্ঞান সপ্তাহটি সাজানো ছিলো কুইজ, অলিম্পিয়াড এবং প্রোজেক্ট ডিসপ্লে প্রতিযোগিতা দিয়ে। ঢাকার বিভিন্ন স্কুল থেকে কুইজে ৯০০ জন এবং অলিম্পিয়াডে আরো ৩০০ জন শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন প্রকল্প উপস্থান করে খুদে উদ্ভাবক ও বিজ্ঞানীদের ২১০টি টিম। অংশগ্রহণকারীদের মধ্যে ছোট ও বড় দলের অংশ নেয়া প্রতিযোগী ও দলগুলোর মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সোমবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সনদ এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এ বছরের স্কুল পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবের সমাপ্তি টানলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আজকের এই খুদে উদ্ভাবক ও বিজ্ঞানীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা, পারভেজ চৌধুরী (এডিসি শিক্ষা) এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রতিনিধি জাকির হোসেন।

ঢাকা জেলার ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রকল্প উপস্থাপনায় বড়দের দলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি প্রথম এবং সরকারি বিজ্ঞান কলেজ দ্বিতীয় হয়েছে।  এছাড়া  ছোটদের দলে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রথম, হাম্মাদিয়া মাদরাসা দ্বিতীয় সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় হয়েছে। 

অলিম্পিয়াডে প্রথম হয়েছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, দ্বিতীয় হয়েছে স্বাগতিক উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 

উভয় গ্রুপ থেকেই প্রকল্প উপস্থাপনায় ৫টি করে দল; অলিম্পিয়াডে দুই গ্রুপে ৫ জন করে ১০ জন এবং বিজ্ঞান কুইজে ১৫ জন করে ৩০ জনকে এবং একটি উদীয়মান বিজ্ঞান ক্লাবকে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন উইলস সায়েন্স ক্লাবের আহ্বায়ক জিয়া উদ্দিন ভূঁইয়া। 

অপরদিকে উইলস সায়েন্স ক্লাবের সভাপতি তাকিবুর রহমান খান জানিয়েছেন, এ বছর রেকর্ডসংখ্যক প্রতিযোগী ছিলো। এদের মধ্যে বিজয়ী মোট ৪৫ জনকে সনদ ও ক্রেস্ট দেয়া হয়েছে। খুদে বিজ্ঞানীদের এই প্রতিনিধি বলেন, আমরা বিশ্বাস করি, বিজ্ঞান চর্চা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চিন্তা, প্রশ্ন ও উদ্ভাবনের একটি বিশাল জগৎ। আমাদের লক্ষ্য—এই জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করা।