অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণসহ ৫ পদক অর্জন বাংলাদেশের

অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণসহ ৫ পদক অর্জন বাংলাদেশের
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৯  

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ব্রোঞ্জ এবং গেলো বছর রাশিয়ায় অনুষ্ঠিত তৃতীয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-২০২৪ এ রৌপ্য জিতেছিলো বাংলাদেশ।  আর বাংলাদেশে অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-২০২৪ এও ব্রোঞ্জ পদক জিতেছিলো। এর আগে ২০১০ এবং ২০১৪ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স এ সম্মাননা পদক পেয়েছিল বাংলাদেশ। তবে এবার রাশিয়ার সোচিতে ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’ আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা।  

এর মধ্যে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের মো. মখদুম আমিন ফাহিম জিতেছেন স্বর্ণ পদক। অনুভূতি প্রকাশ করে এই শিক্ষার্থী বলেছে, ‘এমন কিছু যেটা কখনো কেউ অর্জন করতে পারেনি। দেশের জন্য সেটা বয়ে নিয়ে আসা সত্যিই অসাধারণ অনুভূতির।’ এই অর্জনের কৃতিত্ব ফাহিম নিজের বিদ্যালয়, পরিবার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনকে দিয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে নতুনদের উদ্বুদ্ধ করে মখদুম আমিন ফাহিম বলে, অ্যাস্ট্রোনমিতে ভালো করতে গেলে পদার্থবিজ্ঞান ও গণিতে ভালো জ্ঞান থাকা বাধ্যতামূলক। থাকতে হবে লেগে থাকার মানসিকতা।

ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাদিত রাইয়ান জিতেছে রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন জিসানের হাতে। এ ছাড়া খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন রায় পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি। 

এদের মধ্যে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছে ব্রোঞ্জ পদকজয়ী রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন জিসান এবং সম্মানসূচক স্বীকৃতি পাওয়া খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন রায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন, কান্ট্রি কো অর্ডিনেটর রবিন ফকির এবং ‘শো অ্যান্ড টেল’র প্রধান নির্বাহী শাহপার আলম প্রমুখ।

৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয় এই স্বর্ণজয়ীদের। সংবাদ সম্মেলনে জানানো হলো, রাশিয়ার সোচি শহরে চতুর্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করেছিল এই অলিম্পিয়াডের চতুর্থ আসর।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোটা কঠিন ছিল। তবে শিক্ষার্থীদের সাফল্যে তাঁরা নতুন করে কাজের উদ্যম খুঁজে পেয়েছেন। 

মশহুরুল আমিন আরও বলেন, ‘১৮ জনকে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে আমাদের একজন শিক্ষার্থী এই অর্জনে নিজের নাম লিখিয়েছেন। এ ছাড়া ছয়জনের দলে পাঁচজনই পদক জিতেছেন। এটা অনেক বড় অর্জন। তবে এটাই আমাদের শেষ নয়। আমরা চাই, যাঁরা পদক জয় করেছেন, তাঁরা যেন ভবিষ্যতে অ্যাস্ট্রোনমি নিয়ে উচ্চতর পড়াশোনা করে দেশের কল্যাণে অবদান রাখেন। মৌলিক গবেষণায় যদি প্রতিযোগীরা কাজ করতে আগ্রহ দেখায়, আমরা তাঁদের পাশে থাকব।’

আয়োজক হিসেবে ছিল রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়াস এডুকেশন সেন্টার। ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হয়।

এই দলটি চতুর্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’র এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ছয় প্রতিযোগীর মধ্যে পাঁচ প্রতিযোগী বিভিন্ন পদকে ভূষিত হয়েছে। তারা হচ্ছে, বাংলাদেশ দলের হয়ে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম স্বর্ণপদক অর্জন করেছে।