প্রথমবারের মতো বাংলাদেশ সফরে মার্কেট ভিজিটে টেলিনর সিইও
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সাথে সরাসরি কথা বললেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাজলা বাজারে গ্রামীণফোনের পার্টনার শপে যান তিনি। এসময় তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, ও আকাঙ্ক্ষাগুলো মনোযোগ দিয়ে শোনেন বেনেডিক্টে। একইসঙ্গে গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। সফরে গ্রামীণফোন টিমের সাথেও সময় কাটান এবং অফিস ফ্লোরে ঘুরে ঘুরে কর্মীদের সাথে সরাসরি দেখা করেন।
এরপর টাউনহল বক্তৃতায় টেলিনর গ্রুপ নিয়ে তার ভিশন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণফোন কীভাবে পরবর্তী পর্যায়ের সল্যুশন নিয়ে আসতে পারে তার ওপর আলোকপাত করেন তিনি।
৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার, গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্রমতে, গত ২৮ সেপ্টেম্বর, রবিবার, সেলস টিমের কর্তাব্যক্তিদের নিয়ে এই মার্কেট ভিজিটে যান টেলিনর গ্রুপ প্রেসিডেন্ট।
বাংলাদেশ সফর নিয়ে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বলেন, “টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এখানে এসে আমার জন্য প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষগুলোর সাথে দেখা করা, যাদের আমরা প্রতিদিন সেবা প্রদান করছি। গ্রাহকদের সাথে সরাসরি কথা বলে এবং গ্রামীণফোনের সহকর্মী ও পার্টনারদের সাথে সময় কাটিয়ে আমি উপলব্ধি করেছি, কানেক্টিভিটি কীভাবে একটি সমাজ জুড়ে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমি বাংলাদেশের উদ্যম, উদ্ভাবন ও সম্ভাবনায় দারুণভাবে অনুপ্রাণিত।”
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রুপ সিইও হিসেবে বেনেডিক্টের প্রথম বাংলাদেশ সফরে তাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। গ্রাহক ও কর্মীদের সাথে তার তাৎক্ষণিক সংযোগে আমাদের ব্যবসার মূল বিষয়টি প্রতিফলিত হয়েছে- সেটি হচ্ছে সবার আগে মানুষ। ব্যবসায়িক কমিউনিটির সাথে তার আলোচনা এবং আমাদের টিমকে দেয়া তার অনুপ্রেরণা, আমরা যাতে দায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে নেতৃত্ব দিতে পারি, সেই সংকল্পকে আরও জোরদার করেছে।”







