বেতার যোগাযোগ ও স্পেকট্রাম জোরদার

ঢাকায় পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক এপিটি 'এডব্লিউজি-৩৭' শুরু

  • এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৯৫ জন প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় এডব্লিউজি-৩৭ শুরু
  • ফাইভ-জি সম্প্রসারণ, ভবিষ্যৎ সিক্স-জি এবং স্যাটেলাইট যোগাযোগ নিয়ে আলোচনা
  • ফাইভ-জি সম্প্রসারণ ও সিক্স-জি প্রযুক্তি নিয়ে ৫২ সেশনে আলোচনা

ঢাকায় পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক এপিটি 'এডব্লিউজি-৩৭' শুরু
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৬  

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বেতার যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের মোবাইল যোগাযোগব্যবস্থা নিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারে ঢাকায় ‘AWG-37’ প্রোগ্রাম শুরু হয়েছে। এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) তত্ত্বাবধানে ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) আয়োজনে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ৭-১১ সেপ্টেম্বর পাঁচদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে চ্যালেঞ্জ এখন শুধু সংযোগ বৃদ্ধি নয়, বরং সেবার মান, সাশ্রয় ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা। দেশের ১৯ কোটি মোবাইল সংযোগ ও ৪-জি অবকাঠামোর বিশালতার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর শিল্পে দেশের সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে অবস্থান শক্তিশালী করা হবে, যেখানে স্পেকট্রাম ও দূরদর্শী নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, দ্রুত পরিবর্তিত টেলিযোগাযোগ খাতে সুফল পেতে কার্যকর নীতি এবং সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও শিল্প খাতের ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। এপিটি ওয়্যারলেস গ্রুপ প্রযুক্তি স্থানান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এপিটি মহাসচিব মাসানোরি কোন্দো (Masanori Kondo) জানান, এই সভার মাধ্যমে চলমান গবেষণা এগিয়ে নেওয়া হবে এবং ৬জি প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট প্রযুক্তি ও আল্ট্রা ওয়াইডব্যান্ড বিষয়ে বিশেষ কর্মশালার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এপিটি ওয়্যারলেস গ্রুপের সভাপতি দেয়জুং কিম (Daejung Kim) বলেন, “বেতার যোগাযোগ গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আইএমটি-২০৩০, ৬জি, এআই ও স্যাটেলাইটের বাড়তি চাহিদা যৌথভাবে মোকাবিলার বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.) বলেন, “তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ। ঢাকায় AWG-37 আয়োজন আমাদের আন্তর্জাতিক কারিগরি আলোচনায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।”

সম্মেলনে সদস্যভুক্ত বিভিন্ন দেশের ৩৯৫ জন প্রতিনিধি সরাসরি ও ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। ৫২টি সেশনে ৫জি সম্প্রসারণ, ভবিষ্যৎ IMT/৬জি, স্পেকট্রাম শেয়ারিং, স্যাটেলাইট যোগাযোগ ও রেলওয়ে বেতার নিয়ে কারিগরি আলোচনা হবে।
//ডিবিটেক/এএএম এসএমই/এমআইএস//