নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা ভ্যালেন্সিয়ার

নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা ভ্যালেন্সিয়ার
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৮  

মে মাসের ১৫ তারিখ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তথ্যচিত্র, ভিনি যেআর। সে তথ্যচিত্রটি আবারও আলোচনায় এসেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কারণে। কেননা, ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে তৈরি নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারিতে ভুল তথ্য প্রকাশের অভিযোগে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া বিশ্বখ্যাত ওটিপি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মামলা করেছে।

ভ্যালেন্সিয়ার দাবি, ওই ডকুমেন্টারিতে ২০২৩ সালের একটি লা লিগা ম্যাচে বিপুল সংখ্যক ভ্যালেন্সিয়া সমর্থক ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দিয়েছেন বলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবটি জানিয়েছে, তারা আগেই প্রযোজনা প্রতিষ্ঠানকে সংশোধনের আহ্বান জানিয়েছিল, কিন্তু তা কার্যকর না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা হয়েছে ‘ভ্যালেন্সিয়ার সম্মানহানি’ করার অভিযোগে। মামলায় আর্থিক ক্ষতিপূরণ, সাবটাইটেলে সংশোধনী এবং আদালতের রায়ের প্রকাশ দাবি করা হয়েছে।

ডকুমেন্টারিতে মেস্তায়া স্টেডিয়ামের একটি ভিডিও দেখানো হয়েছে, যেখানে ভক্তদের স্লোগানে সাবটাইটেলে ‘মোনো’ (স্প্যানিশ ভাষায়- বানর) লেখা হয়েছে। কিন্তু ভ্যালেন্সিয়ার দাবি, সমর্থকরা আসলে ‘তোন্তো’ (স্প্যানিশ ভাষায়- বোকা) বলছিলেন।

তখনকার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি প্রথমে ভ্যালেন্সিয়া সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুললেও পরে স্বীকার করেন, পুরো স্টেডিয়াম এ ধরনের স্লোগান দেয়নি।

যদিও ম্যাচটিতে কিছু সমর্থক ভিনিসিয়ুসকে সত্যিই বর্ণবাদীভাবে অপমান করেছিলেন। এর মধ্যে তিনজনকে আদালত আট মাসের কারাদণ্ড দিয়েছে— স্পেনে পেশাদার ফুটবলে বর্ণবাদের জন্য প্রথম সাজা পাওয়া ঘটনা এটি।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, আদালতে প্রমাণ উপস্থাপনের সময় দেখা গেছে ভিডিওটি সম্পাদিত ছিল এবং বাস্তবতার সঙ্গে মেলেনি। ডকুমেন্টারিতে দেখা যায়, ঘটনার সময় কান্নায় ভেঙে পড়েন ভিনিসিয়ুস এবং গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে বানরের অঙ্গভঙ্গি করা এক সমর্থকের মুখোমুখি হন এই রিয়াল তারকা।