ডিসেম্বরে এক নামে সর্বোচ্চ ৫টি সিম, বন্ধ হতে পারে টেলিগ্রাম ও বোটিম

ডিসেম্বরে এক নামে সর্বোচ্চ ৫টি সিম, বন্ধ হতে পারে টেলিগ্রাম ও বোটিম
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৬  

আগামী ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছ এক ব্যক্তির নামে সর্বোচ্চ পাঁচটির বেশি নিবন্ধিত মোবাইল ফোনের সিম। একইসঙ্গে আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যপের ব্যবহারে গতি কমিয়ে দেওয়া এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হতে পারে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৮ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা আনার লক্ষ্যে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যরা।

এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)  ঘোষণা দিয়েছিলো, ১ অক্টোবর থেকে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে তা ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। এর আগে এক ব্যক্তির নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সুযোগ ছিল, যা কমিয়ে ১০টিতে আনা হয়েছে। বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করা হবে। 

বৈঠক সূত্রে প্রকাশ, বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটির (টেলিগ্রাম ও বোটিম) ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখবে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। এতে উপস্থিত একাধিক সূত্রে গণমাধ্যমকে জানিয়েছেন, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের যে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মোবাইরফোন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে দেখা গেছে, তাদের মধ্যে দেড় শ জনের বেশি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন। বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান, সারা দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, তফসিল ঘোষণার পর তাঁরা দেশকে অস্থিতিশীল করতে পারেন। এসব আলোচনা শেষে টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত হয়।