৪৮ নতুন উপজেলা পোস্টমাস্টারের ইনডাকশন কোর্স সম্পন্ন

৪৮ নতুন উপজেলা পোস্টমাস্টারের ইনডাকশন কোর্স সম্পন্ন
২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৭  

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার শেষ হলো রাজশাহী পোস্টাল একাডেমীতে নবনিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টারদের ইনডাকশন কোর্স। এতে নতুন নিয়োগ পাওয়া ৪৮ জন পোস্টমাস্টার অংশ নেন।

রাজশাহী পোস্টাল একাডেমীর অধ্যক্ষ কাজী আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র তুলে দেয়ার আগে তাদের উদ্দেশ্যে  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন,  জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য। এক্ষেত্রে তিনি নবনিযুক্ত পোস্টমাস্টারদের পেশাগত সততা, দায়িত্ববোধ ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

এর আগে ইনডাকশন কোর্সের অংশ হিসেবে ১ সেপ্টেম্বর পবা উপজেলা ডাকঘরের কার্যক্রম পরিদর্শন করেন নব নিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টাররা। উপজেলা পোস্ট অফিসের চলমান কার্যক্রম, ব্যবহৃত ফর্ম, উপজেলা পোস্টমাস্টারদের দায়িত্ব ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়।