রবি ও ঢাকা ব্যাংকের কো-ব্র্যান্ডেড কার্ডে রবি এলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধা

রবি ও ঢাকা ব্যাংকের কো-ব্র্যান্ডেড কার্ডে রবি এলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধা
২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৪  

নিজেদের এলিট গ্রাহক ও কর্মীদের জীবনযাত্রা, ভ্রমণ এবং আর্থিক লেনদেনে বাড়তি সুবিধা দিতে ঢাকা ব্যাংকের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ লক্ষ্যে  ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি করেছে উভয় প্রতিষ্ঠান। ২৪ সেপ্টেম্বর, বুধবার রবি’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এই চুক্তি হয়েছে বলে জানানো হয়েছে। 

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার, মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস, মার্কেট অপারেশনস বিভাগের ডিরেক্টর, মানিক লাল দাস। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন, এইচ. এম. মোস্তাফিজুর রহমান, রবি আজিয়াটার অ্যাসোসিয়েট ডিরেক্টর (কমার্শিয়াল পার্টনারশিপ) মো. সানজিদ হোসেন, জেনারেল ম্যানেজার (লয়্যালটি ও পার্টনারশিপ) এ. এস. এম. ফয়সাল এবং জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল পার্টনারশিপ) তানভীর আলম চৌধুরী প্রমুখ।

রবি জানায়, কো-ব্র্যান্ডেড এই ক্রেডিট কার্ডে রবি এলিট গ্রাহক ও কর্মীদের  প্রথম তিন বছরের জন্য বার্ষিক ফি মওকুফ করা হবে। থাকছে সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা। এছাড়াও  এই কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু প্রিমিয়াম ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। এতে থাকছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, লাউঞ্জকি-এর মাধ্যমে আটটি আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১,৬০০টিরও বেশি লাউঞ্জে প্রবেশের সুযোগ।

 এছাড়াও এই ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাবেন একটির দামে সর্বোচ্চ তিনটি ফ্রি বুফে অফারসহ এক্সক্লুসিভ হোটেল সুবিধা। ঢাকা ব্যাংকের কুইন্টুপল ক্রেডিট শিল্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং দেশব্যাপী ১০ হাজারের বেশি অংশীদার প্রতিষ্ঠানে লাইফস্টাইল পণ্যে বিশেষ ছাড়।