গুগল ফটোসে ভয়েস ও টেক্সটের মাধ্যমে ছবি এডিটিং সুবিধা চালু
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নতুন এআই-ভিত্তিক ফটো এডিটিং সুবিধা চালু করেছে। এখন ব্যবহারকারীরা গুগল ফটোস অ্যাপে স্বাভাবিক ভাষায় ভয়েস বা টেক্সটের মাধ্যমে এআই-কে নির্দেশ দিয়ে ছবি সম্পাদনা করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের আর জটিল এডিটিং টুল খুঁজে বের করার প্রয়োজন হবে না। কেবল “হেল্প মি এডিট” বাটনে চাপ দিয়ে নিজের চাহিদা অনুযায়ী ছবি পরিবর্তনের বর্ণনা দিলেই এআই তা সম্পন্ন করবে। চাইলে গুগলের জেমিনি এআই দেওয়া সাজেশনও ব্যবহার করা যাবে অথবা শুধু বলতে হবে—“মেক ইট বেটার”।
ফিচারটিতে সাধারণ আলো-ছায়া নিয়ন্ত্রণ ও ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলার পাশাপাশি পুরোনো ছবি পুনরুদ্ধার বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের মতো উন্নত সম্পাদনার সুবিধা থাকবে। এমনকি সৃজনশীল প্রয়োজনে ছবিতে কল্পনাপ্রসূত উপাদানও যোগ করা সম্ভব। এছাড়া ধারাবাহিকভাবে অনুরোধ জানিয়ে ছবি আরও নিখুঁত করা যাবে।
প্রথমে এই ফিচারটি যুক্তরাষ্ট্রে কেবল পিক্সেল ১০ ফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এখন তা যুক্তরাষ্ট্রের সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু হলো, তবে ১৮ বছরের ঊর্ধ্বে এবং ইংরেজি ভাষায় সীমাবদ্ধ থাকবে।
গুগল ফটোসে একইসঙ্গে সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস সুবিধাও চালু হয়েছে, যা কোনো ছবি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হলে তা শনাক্ত করতে সক্ষম।
ডিবিটেক/বিএমটি







