চীনা হ্যাকারদের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২০০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: এফবিআই
এফবিআই জানিয়েছে, চীনা সমর্থিত হ্যাকিং গ্রুপ ‘সল্ট টাইফুন’ যুক্তরাষ্ট্রের অন্তত ২০০টি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। এর আগে তারা নয়টি মার্কিন টেলিকম ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করেছিল। খবর টেকক্রাঞ্চ।
এফবিআইয়ের সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লেদারম্যান ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সল্ট টাইফুন ৮০টি দেশের কোম্পানিতেও হামলা চালিয়েছে, যা এ পর্যন্ত এ প্রচারণার বৈশ্বিক পরিসর স্পষ্ট করে।
হ্যাকাররা মার্কিন শীর্ষ রাজনীতিবিদ ও কর্মকর্তাদের কল রেকর্ড লক্ষ্য করে কার সঙ্গে কার যোগাযোগ হচ্ছে এবং কোন ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র নজরদারি করছে তা অনুসন্ধান করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে এক পর্যায়ে এফবিআই এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছিল।
এফবিআইসহ আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক সুরক্ষার জন্য প্রযুক্তিগত নির্দেশনাও দিয়েছে।
ডিবিটেক/বিএমটি







