ভবিষ্যৎ প্রকৌশলীদের রক্ত ঝরানো গ্রহণযোগ্য নয়: আইইবি

ভবিষ্যৎ প্রকৌশলীদের রক্ত ঝরানো গ্রহণযোগ্য নয়: আইইবি
২৮ আগষ্ট, ২০২৫ ০৯:৩৬  
২৮ আগষ্ট, ২০২৫ ১১:৩৭  

বুয়েট শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের মূল সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেওয়ার সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর ‘অতর্কিত আক্রমণে’র ঘটনায় ক্ষোভ ও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের প্রাচীনতম ও প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। 

আইইবি বলেছে— “যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উল্টো আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। কোমলমতি ভবিষ্যৎ প্রকৌশলীদের রক্ত ঝরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সংগঠনটির কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূর আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যৎ প্রকৌশলীদের উপর আঘাত, দেশের উপর আঘাত। দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের শিক্ষার্থী হলেও, আগামী দিনের প্রকৌশলী। তাঁদের হাত দিয়েই নির্মিত হবে টেকসই ও উন্নত বাংলাদেশ। তাঁদের উপর আঘাত মানে দেশের ভবিষ্যৎ উন্নয়ন পথ রুদ্ধ করা।

এছাড়াও এই ঘটনার নিন্দা জানিয়ে ২৭ আগস্ট, বুধবার সাক্ষরিত বার্তায় “জাতির মেধাবী সন্তানদের উপর আক্রমণ শুধুই তাদের বিকাশ ব্যাহত করবে না, বরং জাতীয় স্বার্থেও বড় ক্ষতির কারণ হবে” উল্লেখ করে আইইবি‘র পক্ষ থেকে শুধু নিন্দা জ্ঞাপনের পাশাপাশি চারটি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো- আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।