অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ’-

ফাঁস হওয়া ওয়্যারলেস বার্তার ভিডিওধারণকারীকে খুঁজছে সিএমপি

ফাঁস হওয়া ওয়্যারলেস বার্তার ভিডিওধারণকারীকে খুঁজছে সিএমপি
১৭ আগষ্ট, ২০২৫ ১২:৫৯  
১৭ আগষ্ট, ২০২৫ ১৭:০৪  

অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর ওয়্যারলেসে এই বার্তা দেন তিনি। সিএমপি কমিশনারের এই বার্তা ওয়্যারলেসসহ ভিডিও করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হলে অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। 

এমন পরিস্থিতিতে ভিডিও ধারনকারীকে শনাক্তে মাঠে নেমেছে সিএমপির একাধিক কর্মকর্তা। তারা নানা এঙ্গেলে চেষ্টা করে দেখছেন কোথা থেকে কীভাবে রেকর্ড হলো ভিডিওটি। কিভাবেইবা ছড়িয়ে দেয়া হলো নেটদূনিয়ায়- তা নিয়েও নানা সমীকরণ মিলিয়ে দেখছেন তারা।

সিএমপির উপ-কমিশনার (ডিসি) পদমার্যাদার এক কর্মকর্তা জানিয়েছেন, নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেছেন তারা। তাদের মতে এই বার্তা ফাঁস করেছে সিএমপিরই কেউ একজন। হয়তো কমিশনারের ওপর ক্ষোভ ঝাড়তে এমন কাণ্ড ঘটিয়েছেন। এভাবে হলে কাজ করাটা একটু জটিল হয়ে যাচ্ছে। তাই তাকে শনাক্তের চেষ্টা চলছে। 

অপর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, ওয়্যারলেস বার্তা ফাঁস করা নতুন নয়। এর আগে সম্প্রতি একবার ওয়্যারলেস বার্তা ফাঁস হয়েছিল। সবশেষ বার্তাটি মূলত পুলিশ সদস্যদের পক্ষে গেছে। তারপরও এটি জনসম্মুখে যাওয়াটা নেগেটিভ মেসেজ। এ ঘটনার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়্যারলেসে স্পর্শকাতর কোনো বার্তা দিতে সাহস করছেন। 

এর আগে গত ১১ আগস্ট, সোমবার দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে মিছিল করে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা গুরুতর আহত হন।

পরদিন ১২ আগস্ট, মঙ্গলবার দিবাগত রাতে ওয়্যারলেসে সিএমপির সব সদস্যদের উদ্দেশে মৌখিক নির্দেশনায় সিএমপি কমিশনার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবির টিমসমূহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ এমুনিশন ছাড়া কোনো পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, ডিবির পার্টি, চেকপোস্ট পার্টি বের হবে না। ২০২৪ সালের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী লাইভ এমুনিশন ছাড়া কেউ বের হবে না। প্রাধিকার অনুযায়ী অস্ত্র, গোলাবারুদ এবং স্যুট পরে তারপর ডিউটিতে যাবে। 

তিনি আরো বলেন, শুধুমাত্র রবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে (বন্দর থানা) একজন এসআই গুরুতর আহত হয়েছেন। আরেকদিন আরও বড় দুর্ঘটনা ঘটবে। বন্দর থানার অফিসার যে অবস্থায় পড়েছেন, ওই পরিস্থিতিতে পড়লে যেন লাশ ছাড়া মোবাইল পার্টি, পেট্রোল পার্টি ফেরত না আসে। পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করলে, আই রিপিট, সেটা ধারালো অস্ত্র হতে পারে কিংবা আগ্নেয় অস্ত্র হতে পারে- অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোনো সন্দেহ নাই, সবাইকে বলছি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সকল পুলিশ অফিসারের আছে। অস্ত্র কিংবা কোপ দেওয়ার আগে অস্ত্র বের করা মাত্র গুলি হবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। 

ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, কোনো একটি ভবনের ভেতর থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ৩ মিনিটের ৯ সেকেন্ডের ভিডিওতে একজনকে হাতে ওয়াকিটকি ধরে রাখতে দেখা যায়। ভিডিওধারণকারীকে সনাক্তে ভিডিওতে টাইলস মোড়ানো ফ্লোরটি শনাক্ত করা গেলে তদন্ত প্রক্রিয়া কিছুটা এগুবে বলে আশাবাদী সিএমপি।