ফ্রি ইন্টারনেট কাণ্ডে পুলিশের এসআই ক্লোজড

ফ্রি  ইন্টারনেট কাণ্ডে পুলিশের এসআই ক্লোজড
২০ আগষ্ট, ২০২৫ ১৪:৪৭  
২০ আগষ্ট, ২০২৫ ১৬:০২  

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় স্থানীয় ক্যাবল অপারেটর ইসমাইল হোসেনকে (২৭)  পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। ২০ আগস্ট, বুধবার সকালে তাকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকারিয়া জানিয়েছেন, ঘটনার পরই  অভিযুক্ত পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শককে থানায় নিয়ে আসা হয়। এরপর বুধবার সকাল তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সূত্রমতে, ১৯ আগস্ট, মঙ্গলবার বিকালে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল অপারেটর ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন  ফাঁড়ি ইনচার্জ ও উপ-পুলিশ পরিদর্শক নাজমুল হাসান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ভুক্তভোগী ইসমাইল হোসেনের ভাষ্য, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। আমি উর্ধ্বতনের সঙ্গে কথা বলে পরে সিন্ধান্ত জানাব বলে ফাঁড়ি থেকে চলে আসি। পরে বিকালে ফাঁড়ি সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায়।  এসময় তারা আমার ব্যবহৃত বাইকটির চুরির বলে অপবাদে দেয়। পরে  উপ-পরিদর্শক নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। আমার দুই হাত প্রচন্ডভাবে জখম হয়। 

এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রাথমিক ভাবে আহত ইসমাইলকে পিটানোর বিষয়টি অস্বীকার করলেও দীঘিনালার থানার ওসির কাছে এই ঘটনায় দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সকালে ক্লোজড হওয়া  নাজমুল হাসান।