অনলাইনে পূবালী ব্যাংকের আবাসন ঋণ আবেদন, মিলবে ২ কোটি পর্যন্ত
নিজের বাড়ি বা ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে আবাসন ঋণের আবেদন অনলাইনে গ্রহণ করছে দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক। ক্লিক করেই জমা দেওয়া যাচ্ছে প্রয়োজনীয় নথিপত্র, যা যাচাই করে ব্যাংক সিদ্ধান্ত নেবে।
ব্যাংক সূত্রে প্রকাশ, এ ধরনের ঋণের পরিমাণ কমপক্ষে দুই লাখ টাকা থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে। সুদের হার ১৩.৫ থেকে ১৪ শতাংশের মধ্যে।
এ জন্য পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবাসন ঋণের আবেদন করতে হবে। ফ্ল্যাট কেনা, ভবন নির্মাণ কিংবা সংস্কারের জন্য যেকোনো একটি উদ্দেশ্য নির্বাচন করে আবেদন শুরু করা যায়। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডের (OTP) মাধ্যমে আবেদন ফর্মে প্রবেশ করতে হয়।
আবেদন ফর্মটি ৯ ধাপে পূরণ করতে হয়- ব্যক্তিগত তথ্য, পরিচয় ও যোগাযোগের মাধ্যম, চাকরির তথ্য, ঋণ নেওয়ার কারণ, আয়ের তথ্য, জামিনদারের তথ্য, রেফারেন্স, চাহিদাকৃত ঋণের পরিমাণ।
আবেদন জমা দেওয়ার পর ব্যাংক নথিপত্র যাচাই করবে। কোনো ঘাটতি থাকলে আবেদনকারীকে জানানো হবে। সবকিছু ঠিক থাকলে ব্যাংক থেকে যোগাযোগ করে ঋণ ছাড় দেওয়া হবে।
যেকোনো বাংলাদেশি নাগরিক যাঁর বৈধ এনআইডি আছে তারাই আবেদন করতে পারবেন। করদাতা হতে হবে, স্থিতিশীল আয়ের উৎস থাকতে হবে, বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে, ঋণের মেয়াদ শেষে বয়স ৭০ বছরের বেশি হওয়া যাবে না।
ঋণ গ্রহণের ক্ষেত্রে গ্রাহককে সম্পদের মূল্যমানের কমপক্ষে ৩০ শতাংশ নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে হবে। ঋণের মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হতে পারে।



