গুগলের এআই বাগ হান্টারে ২০টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত

গুগলের এআই বাগ হান্টারে ২০টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত
৫ আগষ্ট, ২০২৫ ২০:০০  
৫ আগষ্ট, ২০২৫ ২০:০০  

গুগলের এআই-চালিত বাগ হান্টার তার প্রথম নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে। সোমবার গুগলের সিকিউরিটি ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানান, তাদের এলএলএম-ভিত্তিক ভলনারেবিলিটি রিসার্চার ‘বিগ স্লিপ’ জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যারে মোট ২০টি দুর্বলতা খুঁজে পেয়েছে। খবর টেকক্রাঞ্চ।

গুগলের এআই বিভাগ ডিপমাইন্ড ও অভিজ্ঞ হ্যাকার দল প্রজেক্ট জিরোর যৌথ উদ্যোগে তৈরি বিগ স্লিপ এ দুর্বলতাগুলো শনাক্ত করেছে। এগুলোর বেশিরভাগই এফএফএমপিইজি অডিও-ভিডিও লাইব্রেরি এবং ইমেজম্যাজিক ইমেজ এডিটিং সফটওয়্যারে পাওয়া গেছে। এখনো ত্রুটিগুলো সমাধান না হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গুগল জানায়, প্রতিটি দুর্বলতা এআই নিজেই খুঁজে বের করেছে ও পুনরুত্পাদন করেছে, যদিও চূড়ান্ত রিপোর্টের আগে মানব বিশেষজ্ঞ দ্বারা যাচাই করা হয়েছে। কোম্পানির ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট রয়্যাল হ্যানসেন এক্স-এ লিখেছেন, এ অর্জন স্বয়ংক্রিয় দুর্বলতা শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।