ইতালিতে অ্যাপলকে ১১৫ মিলিয়ন ডলার জরিমানা
ইউরোপীয় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ৯৮ দশমিক ৬ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১১৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা এজিসিএম। খবর রয়টার্স।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মোবাইল অ্যাপ বাজারে আধিপত্যের অপব্যবহারের অভিযোগে অ্যাপল ও তাদের দুটি সহযোগী ইউনিটের বিরুদ্ধে এই জরিমানা আরোপ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার দাবি, অ্যাপ স্টোরের মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের সঙ্গে লেনদেনে অ্যাপল “পূর্ণ আধিপত্য” বজায় রেখে একতরফাভাবে কঠোর গোপনীয়তা নীতি চাপিয়ে দিয়েছে।
২০২১ সালের এপ্রিল থেকে চালু করা অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি বা এটিটি ব্যবস্থার আওতায় তৃতীয় পক্ষের ডেভেলপারদের বিজ্ঞাপনের উদ্দেশ্যে ডেটা সংগ্রহ ও সংযুক্তির জন্য আলাদা সম্মতি নিতে বাধ্য করা হয়, যা অ্যাপলের নিজস্ব পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এজিসিএম বলছে, এই নীতি অংশীদারদের স্বার্থের পরিপন্থী এবং গোপনীয়তা সুরক্ষার ঘোষিত লক্ষ্যের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ। একই উদ্দেশ্যে একাধিকবার সম্মতি নেওয়ার বাধ্যবাধকতাকেও নিয়মবহির্ভূত বলা হয়েছে।
২০২৩ সালের মে মাসে শুরু হওয়া এই তদন্ত ইউরোপীয় কমিশনসহ আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ন্ত্রকদের সমন্বয়ে পরিচালিত হয়। জরিমানার বিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি







