বিডিওএসএন টক-এ তারিক আদনান মুন
গণিত অলিম্পিয়াড থেকে এআই সিস্টেমস পর্যন্ত এক অনুপ্রেরণার যাত্রা
আজকের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো দূরের গল্প নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতায় নেতৃত্ব দিতে হলে শুধু প্রযুক্তি জানলেই হবে না, জানতে হবে চিন্তা করতে, বিশ্লেষণ করতে, প্রশ্ন তুলতে। তারিক আদনান মুন মনে করিয়ে দিলেন যারা অঙ্ককে ভয় পায় না, যারা জিজ্ঞাসা করতে জানে, এবং সমস্যার ভেতরে প্রবেশ করার সাহস রাখে তারাই এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের পথ তৈরি করবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর আয়োজন “বিডিওএসএন টক”-এর এবারের পর্বে অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রযুক্তি উদ্যোক্তা ও গবেষক তারিক আদনান মুন। আলোচনার বিষয়বস্তু ছিল , “A Personal Journey from Math Olympiad to AI Systems” অর্থাৎ কিভাবে তারিক আদনান গ্ণিত অলিম্পিয়াড থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সফলতার শীর্ষে পৌঁছেছে সেই অনুপ্রেরণা। এছাড়াও আলোচনা করেছেন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে।
অনুষ্ঠানটি ৪ আগস্ট বিকেলে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই সেশনে তারিক আদনান মুন আন্তরিকভাবে তুলে ধরেন তাঁর জীবনের গল্প- কিশোর বয়সে গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া থেকে শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এআই ল্যাবে গবেষণা, ইবে (eBay) এবং গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠানে কাজ এবং পরবর্তীতে নিজেই প্রতিষ্ঠা করা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালপিনেক্স (AlpineX) -এর পুরো যাত্রার বাস্তব অভিজ্ঞতা।
অ্যালপিনেক্স একটি উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠান, যা যে কোনো সমস্যার এআই-ভিত্তিক সমাধান তৈরি করে মূলত ফিনটেক, হেলথটেক এবং এডুটেক খাতে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বাজারে সফলভাবে তাদের প্রযুক্তি প্রয়োগ করছে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমরা ছোটবেলায় যেভাবে অঙ্ক কষে খেলতাম, আজকের দিনে সেই একই অঙ্ক দিয়েই মেশিনকে চিন্তা করানো হয়। পার্থক্য শুধু মাধ্যমের কিন্তু যাত্রাটা শুরু হয় আগ্রহ আর জিজ্ঞাসা থেকেই।”
তার অভিজ্ঞতা শুধু এআই কিংবা প্রযুক্তি নিয়ে নয়, বরং একজন তরুণ কিশোর কীভাবে নিজের আগ্রহকে সফলতায় রূপান্তর করে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে, সেটির স্পষ্ট উদাহরণ। প্রযুক্তি ও উদ্যোক্তা-মনস্ক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সভাপতি জনাব মুনীর হাসান, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (BdAIO)-এর সমন্বয়কগণ, প্রযুক্তি ও শিক্ষা খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং আগ্রহী শিক্ষার্থীরা। আলোচনার শেষে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি তারিক আদনান মুনকে এআই, ক্যারিয়ার প্ল্যানিং এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি তারিক মুনকে প্রশ্ন করেন, যার উত্তর তিনি অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে প্রদান করেন।
আলোচনায় অংশগ্রহণকারী মোঃ রিয়েল খান বলেন, “মুন ভাইয়ের জার্নি শুনে নিজের স্বপ্নকে আরও বড় করে দেখার সাহস পেলাম। প্রযুক্তির দুনিয়ায় আমরাও জায়গা করে নিতে পারি এ বিশ্বাসটা আজ আরও দৃঢ় হলো।”



