আগামী বসন্তে সব প্ল্যাটফর্মে আসছে ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন’

আগামী বসন্তে সব প্ল্যাটফর্মে আসছে ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন’
৬ জুন, ২০২৬ ১০:২৮  
৬ জুন, ২০২৬ ১৫:০৪  

বিশ্ব কাঁপানো রোল-প্লেয়িং গেম ‘ফাইনাল ফ্যান্টাসি ৭’-এর রিমেক ট্রিলজির দীর্ঘ প্রতীক্ষিত শেষ পর্বের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সনির সাম্প্রতিক ‘স্টেট অব প্লে’ অনুষ্ঠানে গেমটির অনুপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে কিছুটা গুঞ্জন তৈরি হলেও, গ্রীষ্মকালীন গেমিং উৎসব ‘সামার গেম ফেস্ট ২০২৬’-এর জমকালো ফ্রাইডে নাইট শোকেসে সমস্ত রহস্যের পর্দা উন্মোচন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান স্কয়ার এনিক্স। 

ট্রিলজির এই শেষ খণ্ডটির নাম রাখা হয়েছে ‘ফাইনাল ফ্যান্টাসি ৭ রেভেলেশন’। গেমটি ২০২৭ সালের বসন্তকালে প্লেস্টেশন ৫, নিনটেন্ডো সুইচ ২, এক্সবক্স এবং পিসি- সব কটি প্ল্যাটফর্মে একই দিনে একযোগে মুক্তি পাবে।

উন্মোচিত ট্রেলারটির শুরুতেই ১৯৯৭ সালের মূল গেমটির একটি দ্রুত সারসংক্ষেপ দেখানো হয়েছে, যা এই রিমেক সংস্করণে গল্পটিকে কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করার ইঙ্গিত দেয়। ট্রেলারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল গেমটির আইকনিক যুদ্ধজাহাজ ‘হাইউইন্ড’-এর অ্যাকশন দৃশ্য। আকাশযানটির মাধ্যমে গেমের বিশাল মানচিত্র বা ওভারওয়ার্ল্ডে ঘুরে বেড়ানো এবং প্যারাস্যুট নিয়ে সরাসরি মাটিতে নেমে যুদ্ধ শুরু করার পুরো প্রক্রিয়াটি কোনো লোডিং স্ক্রিন ছাড়াই অত্যন্ত নিখুঁত ও চমৎকারভাবে সাজানো হয়েছে।

সিড ও ভিনসেন্টের আগমন এবং নতুন যুদ্ধশৈলী
এই প্রথম গেমটিতে জনপ্রিয় চরিত্র ‘সিড’ এবং ‘ভিনসেন্ট’-কে সরাসরি মূল যুদ্ধ দল বা পার্টিতে যুক্ত হয়ে পূর্ণাঙ্গভাবে লড়াই করতে দেখা গেছে। বিশেষ করে ভিনসেন্টের দানবীয় রূপান্তর বা ‘লিমিট ব্রেক ট্রান্সফরমেশন’ দৃশ্যটি গেমারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আগের দুই পর্ব (রিমেক ও রিবার্থ)-এর মতোই লড়াইয়ের মাঝখানে গেমাররা দ্রুত চরিত্র পরিবর্তন করতে পারবেন। ট্রেলারে ভিনসেন্টকে গেমের ভেতরের পরিবেশের বিভিন্ন উপাদানে গুলি করতে দেখা গেছে, তবে এই সুবিধাটি পুরো গেম জুড়ে থাকবে নাকি নির্দিষ্ট কিছু চ্যাপ্টারে সীমাবদ্ধ থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

‘ফিটস’ ইকুইপমেন্ট ও কাস্টমাইজেশন
গেমটিতে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি ইকুইপমেন্ট বা সাজসজ্জা পদ্ধতি, যার নাম দেওয়া হয়েছে ‘ফিটস’। এই ফিটস ব্যবহার করে গেমাররা একদিকে যেমন চরিত্রগুলোর নতুন নতুন যুদ্ধের চাল ও বুস্টার আনলক করতে পারবেন, অন্যদিকে গেমের ভেতর তাদের পোশাক ও বাহ্যিক অবয়ব নিজেদের পছন্দমতো কাস্টমাইজ বা সাজিয়ে নিতে পারবেন। 

গেমিং বিশ্লেষকদের মতে, স্কয়ার এনিক্স হয়তো গেমটির এই কাস্টমাইজেশন ফিচারকে ডাউনলোডেবল কনটেন্ট বা ডিএলসি হিসেবে বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জনের নতুন একটি বাণিজ্যিক পথ তৈরি করছে।

৩০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ
২০২৭ সালে এই সমাপনী পর্বটির মুক্তি পাওয়া স্কয়ার এনিক্সের জন্য একটি চমৎকার মাইলফলক। কারণ ১৯৯৭ সালে মূল প্লেস্টেশন ১ কনসোলে যখন ইতিহাসের অন্যতম প্রভাবশালী আরপিজি গেম ‘ফাইনাল ফ্যান্টাসি ৭’ প্রথম মুক্তি পেয়েছিল, ২০২৭ সাল হবে তার ঠিক ৩০ বছর পূর্তি। 

স্কয়ার এনিক্স ইতিহাসের অন্যতম সেরা এই গেমটিকে শুধু রিমেকই করেনি, এর মূল গল্পে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং সম্পূর্ণ নতুন ও আধুনিক একটি ফাইটিং সিস্টেম তৈরি করেছে। গেমটির শেষ পর্বের এই ট্রেলার প্রকাশের পর বিশ্বজুড়ে আরপিজি প্রেমীদের মাঝে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট