বন্ধ হচ্ছে ওয়ান্ডারস্টপ নির্মাতা আইভি রোড

বন্ধ হচ্ছে ওয়ান্ডারস্টপ নির্মাতা আইভি রোড
২৮ মার্চ, ২০২৬ ২৩:৩৩  

জনপ্রিয় ভিডিও গেম ‘ওয়ান্ডারস্টপ’-এর নির্মাতা স্টুডিও আইভি রোড বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ৩১ মার্চ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হবে বলে এক ঘোষণায় জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।

অ্যানাপূর্ণা ইন্টারঅ্যাকটিভের অর্থায়নে তৈরি ‘ওয়ান্ডারস্টপ’ সমালোচকদের প্রশংসা পেলেও এটি স্টুডিওকে টিকিয়ে রাখতে পারেনি। নতুন গেম ‘ইঞ্জিন অ্যাঞ্জেল’-এর জন্য বিনিয়োগ ও প্রকাশনা সংস্থার সহযোগিতা পায়নি প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারিতে ইতিমধ্যেই পাঁচ কর্মী ছাঁটাই করেছিল আইভি রোড।

স্টুডিওটি জানিয়েছে, বন্ধের আগে ‘ওয়ান্ডারস্টপ’-কে নতুন খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি চমক তাদের শেষ উপহার থাকছে। তবে সেটি কী, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। অ্যানাপূর্ণা ইন্টারঅ্যাকটিভ পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানাবে।

‘ওয়ান্ডারস্টপ’-এর কাহিনি অলতা নামের এক প্রাক্তন যোদ্ধার, যে একটি জাদুকরি বনে চায়ের দোকান পরিচালনা করে। খেলোয়াড়রা এখানে উপকরণ সংগ্রহ করে চা তৈরি করতে পারেন, দোকান গুছিয়ে রাখতে পারেন, গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের গল্প শুনতে পারেন অথবা কেবল একটি বেঞ্চে বসে চিন্তা করে সময় কাটাতে পারেন। গেমটির থিম ছিল শান্ত, আবেগঘন ও নির্মল, যা প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। 

আইভি রোড বন্ধ হয়ে গেলেও গেমটি খেলার সুযোগ ও কেনার সুযোগ থাকবে বলে জানা গেছে।

ডিবিটেক/বিএমটি