৬ আগস্ট থেকে ওটিটি-তে ‘উৎসব’
৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে ওটিটিতে মুক্তি পাচ্ছে গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। ফলে ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি এখন চাইলেই এখন ঘরে বসেই দেখা যাবে। সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা।
এ নিয়ে উৎসব সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোট বেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’
সিনেমাটি চরকিতে মুক্তি প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। বাংলা ভাষাভাষীদের কাছে চরকি কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে ‘উৎসব’ মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোট বেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক–সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা ‘উৎসব” সিনেমাটি দেখবেন চরকিতে।’
‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।







